আবহাওয়া স্যাটেলাইটের ব্যবহার, যৌথ বৈজ্ঞানিক গবেষণা এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তার ক্ষেত্রে কিরগিজস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করছে চীন।
কিরগিজস্তান ও উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলটি থিয়ানশান পর্বতমালা অঞ্চলে অবস্থিত হওয়ায় দুই এলাকার জলবায়ু পরিস্থিতির মধ্যে বেশ কিছু মিল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। ফলে আবহাওয়াজনিত দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো ও উদ্ধার কার্যক্রমে যৌথ সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চীনের আবহাওয়া প্রশাসনের ‘ফেংইউন-২’ স্যাটেলাইট গ্রহণ ও প্রয়োগব্যবস্থার সহায়তায় কিরগিজস্তান নিয়মিত ও নির্ভরযোগ্য আবহাওয়া পর্যবেক্ষণ তথ্য পাচ্ছে।
চলতি বছরের মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে কিরগিজস্তানের মানাস শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এ সময় চীন দ্রুত ‘ফেংইউন-৩’ ও ‘ফেংইউন-৪’ স্যাটেলাইট কাজে লাগিয়ে উচ্চ-ফ্রিকোয়েন্সির গতিশীলতা পর্যবেক্ষণ শুরু করে।
জাতীয় স্যাটেলাইট আবহাওয়া কেন্দ্রের অধীন ইন্টারন্যাশনাল ইউজার সার্ভিস সেন্টারের প্রধান বিশেষজ্ঞ চেং চাওচুন বলেন, চলতি বছরের শুরু থেকে কিরগিজস্তানকে বন্যা মোকাবিলায় সহায়তার জন্য চীন দুইবার জরুরি সহায়তাব্যবস্থা সক্রিয় করেছে।
চীনের আবহাওয়া প্রশাসনের উরুমছি ইনস্টিটিউট অব ডেজার্ট মেটিওরোলজিকে কেন্দ্র করে কিরগিজস্তানসহ মধ্য এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে একটি স্থিতিশীল সহযোগিতা প্ল্যাটফর্মও গড়ে তুলেছে চীন।
সূত্র: সিএমজি