বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
একইদিন ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বেগবান ও সুদৃঢ় করার বিষয়ে উভয়পক্ষ মতামত ব্যক্ত করেন।
বিশেষ করে দু’দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধি দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা দু’দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের মূল্যবান সহযোগিতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা করেন।
এ সময় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন প্রক্রিয়ায় চীনের পক্ষ থেকে সব ধরনের অব্যাহত সমর্থনের জোরালো প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠক শেষে উভয় পক্ষই দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতা আগামী দিনে আরও দৃঢ় করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: সিএমজি বাংলা