Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
৩ মিনিটে পড়া যাবে

বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম ও অর্থায়নের সুযোগ প্রসারে বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম ও অর্থায়নের সুযোগ প্রসারে বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’

বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর সরাসরি কার্যক্রম পরিচালনা এবং বিনিয়োগ অর্থায়নের নতুন ক্ষেত্র উন্মোচনের বার্তা নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে’। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়নার প্রধান কার্যালয়ে যৌথভাবে এ বিশেষ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি এবং ইনভেস্ট বাংলাদেশ। এতে চীনের শীর্ষস্থানীয় ১১টি আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ২৬টি প্রভাবশালী শিল্পপ্রতিষ্ঠানের নীতিনির্ধারকেরা অংশ নেন। মঙ্গলবার ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়োজনে অংশ নেওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল আন্তর্জাতিক অঙ্গনে সম্পদের হিসাবে শীর্ষ চারে থাকা তিনটি ব্যাংক— ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না, এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না ও ব্যাংক অব চায়না। এতে অবকাঠামো ও প্রকৌশল, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ভোক্তা ও স্মার্ট ইলেকট্রনিকস, শিল্পপ্রযুক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কাং এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

সম্মেলনে বাংলাদেশ ব্যাংক ও ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে যৌথভাবে ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার: বাংলাদেশ-চায়না ফাইন্যান্সিয়াল কানেক্টিভিটি’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৯ বিলিয়ন মার্কিন ডলার। এত বড় বাণিজ্যিক অংশীদারত্ব সত্ত্বেও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো চীনা ব্যাংক সরাসরি কার্যক্রম শুরু করেনি। অথচ সমপরিমাণ কিংবা কম বাণিজ্যের দেশ হওয়া সত্ত্বেও কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমারে চীনা ব্যাংকগুলোর সরাসরি উপস্থিতি রয়েছে। ফলে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা সম্প্রসারিত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়নের সম্ভাবনা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত বিনিয়োগ খাতসমূহ, বিশেষ করে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) এবং মোংলা অর্থনৈতিক অঞ্চলের সুবিধার দিকগুলো তুলে ধরা হয়। এসব এলাকায় চীনা উদ্যোক্তাদের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। পরবর্তীতে আয়োজিত নেটওয়ার্কিং পর্বে অংশ নিয়ে চীনা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ও করপোরেট কোম্পানিগুলোর প্রতিনিধিরা বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি বিনিয়োগ, অর্থায়ন ও যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, 'বাংলাদেশ-চীন সহযোগিতার পরবর্তী ধাপ হলো আর্থিক সংযোগ স্থাপন। বাংলাদেশে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলোর সহজ ও কার্যকর বাণিজ্য অর্থায়ন, যন্ত্রপাতি কেনার অর্থায়ন, চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে সহায়তা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'দুই দেশের বাণিজ্যের পরিমাণই এ ধরনের অর্থায়নের চাহিদার বিষয়টি তুলে ধরে। অন্যদিকে, বাংলাদেশের কোম্পানিগুলোর প্রয়োজন প্রযুক্তি এবং ব্যবসা ও উৎপাদন সম্প্রসারণে সহায়ক অংশীদারত্ব। বাংলাদেশে চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়লে উভয় পক্ষই উপকৃত হবে এবং বিনিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।'

চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কাং বলেন, 'চীনের বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতায় সহায়তাকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না বিশেষায়িত সক্ষমতা কাজে লাগিয়ে যাচ্ছে।'

তিনি জানান, বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, কৃষি, প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্পসহ বিভিন্ন খাতে তাদের প্রতিষ্ঠানের প্রায় ৪০টি চলমান প্রকল্প রয়েছে। এ ছাড়া বস্ত্র ও স্বাস্থ্যসেবার মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে শীর্ষস্থানীয় চীনা প্রতিষ্ঠানগুলোকে সরাসরি বিনিয়োগে উৎসাহিত করা হবে, যা বাংলাদেশের উৎপাদন ও সেবামুখী অর্থনীতির বিকাশে ধারাবাহিকভাবে ইতিবাচক অবদান রাখবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.