সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ইরান যুদ্ধ চায় না, তবে যে কোন আগ্রাসন শক্তি ও দৃঢ়তার সঙ্গে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সোমবার নিজ কার্যালয়ে বিবৃতিতে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না—এটি বিশ্ববাসীর কাছে তেহরানের স্পষ্ট বার্তা। তবে আগ্রাসনের সামনে ইরান কখনো চুপ থাকবে না এবং আগ্রাসনকারীদের উপযুক্ত জবাব দেবে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও অশান্তি কোন দেশের স্বার্থে নয়। এর প্রভাব পুরো অঞ্চলের ওপর পড়ছে। তাই আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান তিনি।
পেজেশকিয়ানের এ বক্তব্যের আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স জানান, রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী-আইআরজিসি হরমুজ প্রণালিতে রকেট ও সমুদ্র মাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল।
হামলার পর আইআরজিসি জানায়, এতে কয়েকজন সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হন।
লুৎফর/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া ও সিজিটিএন