সিরিয়ায় ২০১৪ সালের পর প্রথমবার রাসায়নিক অস্ত্রের গোলাবারুদ ধ্বংসের বিষয়টি যাচাই করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ)। এ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সিরিয়ায় অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ও সংবেদনশীল রাসায়নিক পদার্থ দ্রুত শনাক্ত করে ধ্বংস করার আহ্বান জানিয়েছে চীন।
বৃহস্পতিবার সিরিয়ার রাসায়নিক অস্ত্র ইস্যু পর্যালোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি উঠে আসে। জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও হাই রিপ্রেজেন্টেটিভ ইজুমি নাকামিৎসু জানান, সিরিয়ায় ৪২টি বিমানবোমা ধ্বংসের বিষয়টি ওপিসিডব্লিউ যাচাই করেছে।
দেশটিতে রাসায়নিক অস্ত্রের গোলাবারুদ ধ্বংসের নির্মূলকে গুরুত্বপূর্ণ অগ্রগতিও বলেও উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের বৈঠকে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়ার অন্তর্বর্তী সরকার রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে নিজেদের দায়িত্ব পালনে এরইমধ্যে পদক্ষেপ নিয়েছে। দেশটি একটি জাতীয় কর্তৃপক্ষ গঠন, জনবল শক্তিশালীকরণ এবং ওপিসিডব্লি ‘র কারিগরি সচিবালয়ের সঙ্গে সহযোগিতা করছে, যা ইতিবাচকভাবে দেখছে চীন।
সূত্র: সিএমজি