যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে অবশ্যই বিরত রাখতে হবে; একইসাথে তিনি জোর দিয়ে বলেন যে, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের ‘টেরিটরি’।
সাউথ ক্যারোলিনার মার্টল বিচে আয়োজিত এক জনসভায় ট্রাম্প আরও বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে অত্যন্ত আগ্রহী। তবে তিনি বলেন, “আমরা আদৌ কোনো চুক্তি চাই কি না, তা-ই জানি না; কারণ আমি এই মুহূর্তে হরমুজ প্রণালীকে আমেরিকান এলাকা হিসেবেই দেখি—এটি একটি আমেরিকান টেরিটরি।”
গত ১৮ জুন, লেবাননসহ ওই অঞ্চলের সব রণাঙ্গনে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতাস্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। এই সমঝোতা অনুযায়ী, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ৬০ দিনের মধ্যে তাদের আলোচনা করার কথা ছিল—যার সময়সীমা সোমবার শেষ হয়েছে। তবে গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর সেই আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
সূত্র: সিএমজি