হাইব্রিড গাড়ি নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে হওয়া সমঝোতাকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও উভয়পক্ষের জন্য লাভজনক উল্লেখ করেছে চীন। একই সঙ্গে ইইউর চাপের মুখে বেইজিং ছাড় দিয়েছে—এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন। এ সময় তিনি জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম মেনে চলা, বাস্তবতাকে সম্মান এবং বৈষম্যহীনতার নীতির ভিত্তিতে দু’পক্ষের সমঝোতা হয়েছে।
এ সময় মুখপাত্র আরও বলেন, এ সমঝোতা চীনা প্রতিষ্ঠানগুলোর বাস্তব স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে। পাশাপাশি ইইউ’র উদ্বেগ নিরসন এবং চীন-ইইউ বাণিজ্যিক বিরোধ আরও বাড়তে না দেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে চীন-ইইউ আলোচনার মূল উদ্দেশ্য হলো সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য দূর করা। এ ছাড়াও উভয়পক্ষের উদ্বেগের সমাধান করা এবং সমস্যা সমাধানে উভয়পক্ষকেই আন্তরিকতার পরিচয় দিতে হবে।
চাপ প্রয়োগ করে সুবিধা আদায়ের প্রত্যাশা ইইউর করা উচিত নয়। একই সঙ্গে নিজেদের স্বার্থ রক্ষায় চীনের দৃঢ় সংকল্প ও সক্ষমতাকে অবমূল্যায়ন করাও ঠিক হবে না বলেও মনে করেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি ইইউকে চীনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে দু’পক্ষকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: সিএমজি