ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন জানিয়েছেন, শক্তিশালী হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত জ্যামাইকার জন্য জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে চীনা নৌবাহিনীর হাসপাতাল জাহাজ “সিল্ক রোড আর্ক”। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
কুও চিয়াখুন আরও বলেন, “সম্প্রতি চীনা নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘সিল্ক রোড আর্ক’ জ্যামাইকায় পৌঁছেছে। এটি দেশটির একাধিক বন্দরে নোঙর করে হারিকেন মেলিসা–তে ক্ষতিগ্রস্ত জ্যামাইকান জনগণের জন্য মানবিক চিকিৎসা সেবা প্রদান করবে।‘’ চীন জ্যামাইকার সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগে গভীর সমবেদনা জানায় উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রয়োজন অনুযায়ী জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছে চীন।”
মুখপাত্র আরও বলেন, “আমরা বিশ্বাস করি ‘সিল্ক রোড আর্ক’ জ্যামাইকার ক্ষতিগ্রস্ত কমিউনিটিগুলোর কাছে চীনের বন্ধুত্বের বার্তা পৌঁছে দেবে এবং দুর্যোগ কাটিয়ে উঠে ঘরবাড়ি পুনর্গঠনে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।”
জাহাজটি গত বৃহস্পতিবার জ্যামাইকার মন্টেগো বে বন্দরে পৌঁছায় এবং সেখানে ১২ দিনের মিশন চালানোর কথা রয়েছে। জ্যামাইকার অনুরোধের ভিত্তিতে হাসপাতাল জাহাজটি মন্টেগো বে, কিংস্টন এবং ফালমাউথ—এই তিন বন্দরে নোঙর করে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবা দেবে।
গত ২৮ অক্টোবর জ্যামাইকা মারাত্মক ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় দেশটির স্বাস্থ্যসেবা অবকাঠামো। অস্ত্রোপচার প্রয়োজন এমন অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে চীনা হাসপাতাল জাহাজের আগমন দেশটির জন্য উল্লেখযোগ্য সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি : সিসিটিভি
Advertisement