কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে গত ২৪ ঘণ্টায় ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসির নিরাপত্তা ও সমন্বয়ের অধীনে ২৫টি জাহাজ নিরাপদে পারাপার হয়েছে। মঙ্গলবার আইআরজিসি’র নৌবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি’র অফিসিয়াল নিউজ আউটলেট 'সেপাহ নিউজ'-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যথাযথ অনুমতি নেওয়ার পর তেল ট্যাংকার, কনটেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানসহ মোট ২৫টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলসীমা অতিক্রম করে।
বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালীর ওপর অত্যন্ত সতর্ক ও বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং যেকোনো ধরনের আগ্রাসী আচরণের বিরুদ্ধে ‘কঠোর ও বিধ্বংসী জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
একই দিনে মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল' মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা যখন অনিশ্চয়তার মুখে, ঠিক তখন মার্কিন নৌবাহিনীও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে পারাপারে সহায়তা করছে।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।