বছরের প্রথম ৭ মাসে এপেক দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য ১৮ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াল
আগস্ট ২১: ২০২৬ এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শুল্ক ও বাণিজ্য মহলের সংলাপ সম্মেলন থেকে জানা গেছে যে, চলতি বছরের প্রথম ৭ মাসে এপেকের অন্যান্য সদস্য অর্থনীতিগুলোর সঙ্গে চীনের মোট আমদানি ও রপ্তানি বাণিজ্য ১৮.০৩ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে—যা গত বছরের একই সময়ের তুলনায় ২১% বেশি।
বর্তমানে, বিশ্ব অর্থনীতির মোট পরিমাণের ৬০% এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় অর্ধেকই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দখলে। চলতি বছরের প্রথম ৭ মাসে এপেকের অন্যান্য সদস্যের সাথে চীনের বাণিজ্য বৃদ্ধির হার একই সময়ে চীনের সার্বিক আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের গড় বৃদ্ধিকে অতিক্রম করেছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার বিপুল সম্ভাবনাকেই তুলে ধরে।
সম্মেলন চলাকালীন, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় ও গভীর করতে চীনের শুল্ক বিভাগ চীনের হংকং কাস্টমস, ইউরেশিয়ান ইকোনমিক কমিশন কাস্টমস কোঅপারেশন ডিপার্টমেন্ট, দক্ষিণ কোরিয়ার খাদ্য ও ওষুধ নিরাপত্তা মন্ত্রণালয় এবং চিলির কৃষি মন্ত্রণালয়ের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনা সম্পন্ন করেছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)