কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন ত্বরান্বিত করার বিষয়ে একটি বিশেষ পরামর্শ সভার আয়োজন করে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটি। মঙ্গলবার বেইজিংয়ে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বলেন, চীনা আধুনিকায়নের ক্ষেত্রে কৃষি ও গ্রামীণ আধুনিকায়নের তাৎপর্য গভীরভাবে অনুধাবন করা জরুরি। এ ছাড়া খাদ্য নিরাপত্তা সর্বদা দেশের জন্য একটি মৌলিক বিষয় হিসেবে গুরুত্ব বহন করে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি রাজনৈতিক উপদেষ্টাদের প্রতি কৃষি উৎপাদনশীলতা, মান ও দক্ষতা বৃদ্ধি; বসবাসযোগ্য, ব্যবসা-বান্ধব এবং সুসংহত গ্রামীণ এলাকা গড়ে তোলা; এবং কৃষিকে শক্তিশালী করা, কৃষকদের উপকৃত করা ও গ্রামীণ মানুষের আয় বৃদ্ধির নীতিগুলোকে আরও পরিমার্জিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
পরামর্শ সভায় প্রায় ১০০ জন সিপিপিসিসি জাতীয় কমিটির সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় মোট ২৫ জন রাজনৈতিক উপদেষ্টা ও বিশেষজ্ঞ বক্তব্য রাখেন। সূত্র: সিএমজি বাংলা