এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছে চীন। চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে অনুষ্ঠিত ২০২৬ এপেক ডিজিটাল ও এআই মন্ত্রীপর্যায়ের সম্মেলনের শেষ দিনে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানানো হয়।
সম্মেলনে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লি লেছেং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, ওপেন সোর্স, প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত উদ্ভাবন ইকোসিস্টেম গড়া এবং দক্ষ মানবসম্পদ বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি স্পষ্ট করেন যে, সরবরাহ শৃঙ্খল ব্যাহত না করে পারস্পরিক সহযোগিতার পথেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রকৃত অগ্রগতি ও প্রযুক্তিগত সমৃদ্ধি অর্জন করা সম্ভব। বৈঠকে গৃহীত একটি যুগান্তকারী যৌথ ঘোষণাপত্র ভবিষ্যতে এই অঞ্চলের সার্বিক ডিজিটাল ও এআই বিকাশের মূল রূপরেখা তৈরি করেছে।
সম্মেলনে প্রতিনিধিরা নিরাপদ এআই ব্যবহার নিশ্চিত করা, ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে আধুনিক প্রযুক্তির সুবিধা ছড়িয়ে দিয়ে অর্থনৈতিক বৈষম্য দূর করার ওপর জোর দেন।
এপেক সচিবালয়ের নির্বাহী পরিচালক এদুয়ার্দো পেদ্রোসা ফাইভ জি সম্প্রসারণ ও টেকসই এআই প্রযুক্তিতে চীনের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বর্তমানে আয়োজক শহর ছেংতুতে ১৯শ টিরও বেশি এআই প্রতিষ্ঠান সক্রিয়ভাবে প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করছে। যাদের যৌথ বার্ষিক শিল্প আয় ১৯০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।
সূত্র: সিএমজি