২৪ মে রাতে মহাকাশযান শেনচৌ-২৩ উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। শনিবার এ তথ্য জানিয়েছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা।
সংস্থাটির মুখপাত্র চাং চিংপো জানা্ন, উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোববার রাত ১১টা ৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। আর এই মিশনে ব্যবহৃত হবে লং মার্চ-২এফ ক্যারিয়ার রকেট, যা এরইমধ্যে জ্বালানি ভর্তি করার প্রস্তুতি সম্পন্ন করেছে।
শেনচৌ-২৩ মিশনটি চীনের মহাকাশ স্টেশনের ‘অ্যাপ্লিকেশন ও উন্নয়ন’ পর্যায়ের সপ্তম মানববাহী অভিযান এবং দেশটির মানব মহাকাশ কর্মসূচির ৪০তম ফ্লাইট।
এই মিশনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে শেনচৌ-২১ ক্রুর সঙ্গে কক্ষপথে দায়িত্ব হস্তান্তর, মহাকাশবিজ্ঞান ও বিভিন্ন প্রয়োগমূলক পরীক্ষা চালিয়ে যাওয়া, মহাকাশে স্পেসওয়াক কার্যক্রম পরিচালনা, কার্গো স্থানান্তর এবং মহাকাশ স্টেশনে ধ্বংসাবশেষ প্রতিরোধী সুরক্ষা যন্ত্র স্থাপন।
এছাড়া বাহ্যিক পেলোড ও যন্ত্রপাতি স্থাপন ও ফিরিয়ে আনা, বিজ্ঞান শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং মহাকাশে নতুন প্রযুক্তির পরীক্ষাও চালানো হবে।
বিশেষভাবে, এই মিশনে একজন নভোচারীকে একটানা এক বছর মহাকাশে অবস্থানের পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে দেখা যাবে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি: সিজিটিএন/সিনহুয়া