জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে রাজনৈতিক কারসাজি বন্ধ করে প্রণালীজুড়ে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান-বিষয়ক দপ্তরের মুখপাত্র চু ফেংলিয়ান।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের নেতা লাই ছিং-তের মূল ভূখণ্ডের কৃষিপণ্য সংক্রান্ত নীতিমালা নিয়ে সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
চু ফেংলিয়ান বলেন, ‘তাইওয়ান প্রণালীর উভয় পারের মানুষ এক পরিবার—এই ধারণাকে সমুন্নত রেখে আমরা তাইওয়ানে বসবাসরত দেশবাসীর জন্য বাস্তবসম্মত ও কল্যাণকর কাজ করতে এবং তাদের সমস্যার সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমরা তাইওয়ানের কৃষক ও জেলেদের মূল ভূখণ্ডের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্যজাত পণ্যের বিক্রির পথ সুগম করা এবং আয় বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছি। যেন আরও বেশি সংখ্যক কৃষক ও জেলে চীনের আধুনিকীকরণের সুফল ভোগ এবং উন্নত জীবনযাপন করতে পারেন।‘
তিনি অভিযোগ করে বলেন, ‘ডিপিপি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে একতরফাভাবে মূল ভূখণ্ডের ১ হাজারেরও বেশি কৃষিপণ্যের আমদানি সীমিত করে রেখেছে, যা দুই প্রণালীর মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান এবং সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে। এছাড়া, যারা তাইওয়ান থেকে মূল ভূখণ্ডে কৃষি ও মৎস্যপণ্য রপ্তানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেন, সেইসব মেয়র এবং সংশ্লিষ্ট কৃষি ও মৎস্য সমিতিগুলোকে শাস্তি দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
আমরা ডিপিপি কর্তৃপক্ষকে তাদের রাজনৈতিক কারসাজি বন্ধ করতে এবং তাইওয়ানের জনগণের স্বার্থ ও কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানাচ্ছি।‘
সিএমজি বাংলা