বিদেশি বিশেষজ্ঞদের প্রতি চীনা বিজ্ঞানীদের সঙ্গে আরও গভীরভাবে জ্ঞান বিনিময় ও গবেষণা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ২০২৫ সালের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা পুরস্কারপ্রাপ্ত বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
চীনা সরকারের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বলেন, চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর উন্নয়নে বিদেশি বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশটি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, বিদেশি বিশেষজ্ঞরা চীনা বিজ্ঞানীদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করবেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বছর আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা পুরস্কার পেয়েছেন মোট ৯ জন বিদেশি বিশেষজ্ঞ।
সূত্র: সিএমজি