কিরগিজস্তানের চোলপন-আতায় অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বহুপাক্ষিক বিশ্ব বিনির্মাণে সংস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসসিও-র ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে গভীর কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর জোর দেওয়া হয়।
সম্মেলনে ওয়াং ই সংস্থাটির ভবিষ্যৎ উন্নয়নে চারটি প্রধান প্রস্তাব তুলে ধরেন। তিনি পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি, আঞ্চলিক শান্তি রক্ষায় 'চারটি নিরাপত্তা কেন্দ্র' গড়ে তোলা এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের পরামর্শ দেন। একইসঙ্গে আন্তর্জাতিক নিয়ম নীতি ও জাতিসংঘের কর্তৃত্ব অক্ষুণ্ণ রেখে বিশ্ব পরিচালনায় একতা বজায় রাখার আহ্বান জানান।
বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমন এবং জ্বালানি ও বাণিজ্য খাতের বিকাশে যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ২৫ বছরের পথচলায় ভূখণ্ড ও জনসংখ্যার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ এই আঞ্চলিক সংস্থাকে বৈশ্বিক অনিশ্চয়তার মুখে আরও কার্যকর করতে বিশকেক শীর্ষ সম্মেলনের রূপরেখা ও যৌথ প্রস্তাব অনুমোদন করা হয়।
সূত্র: সিএমজি