দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে দাবি করা হয়, সিউলের গ্যাংনাম এলাকায় চীনা নাগরিকরা ব্যাপকভাবে অ্যাপার্টমেন্ট কিনছেন। এ প্রতিবেদন ঘিরে বিতর্কের পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছে সিউল ইকোনোমিক টিভি।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের সব কর্মীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট প্রতিবেদনে ভুল তথ্য প্রচারিত হয়েছে এবং এতে মানুষের মধ্যে বিভ্রান্তি ও অস্বস্তি সৃষ্টি হওয়ায় তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ওই প্রতিবেদনকে ইচ্ছাকৃতভাবে তৈরি ভুয়া খবর বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, সংবাদটি চীনবিরোধী মনোভাব উসকে দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হয়েছিল।
প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীনা ক্রেতারা সিউলের গ্যাংনাম এলাকায় ৯৪৪টি অ্যাপার্টমেন্ট কিনে বাজারের বড় অংশ দখল করে নিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট লি জানান, সরকারি যাচাইয়ে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গ্যাংনামে মাত্র পাঁচজন চীনা নাগরিক অ্যাপার্টমেন্ট কিনেছেন। ফলে প্রতিবেদনটি ‘স্পষ্টভাবেই মিথ্যা’ বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকেও ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট লি।
ওই বিবৃতিতে সিউল ইকোনোমিক টিভি স্বীকার করেছে যে, দর্শকসংখ্যা ও গণ-মানুষের মনোযোগ কাড়তে অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়া ছাড়াই ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। প্রতিষ্ঠানটি এরইমধ্যে তাদের সব প্ল্যাটফর্ম থেকে ওই প্রতিবেদন সরিয়ে নিয়েছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি-সিনহুয়া