জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাতমুনখ বাৎসেৎসেগ এবং সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যকার বৈঠক শেষে রোববার একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে দুই দেশের উন্নয়ন কৌশলের সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার প্রসারের ওপর জোর দেওয়া হয়। শনিবারে শুরু হওয়া তিন দিনের এই সফরে উভয়পক্ষ একে অপরের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিজস্ব উন্নয়ন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উভয় দেশ নিশ্চিত করেছে তারা একে অপরের বিরুদ্ধে কোনো সামরিক বা রাজনৈতিক জোটে যোগ দেবে না এবং কোনো তৃতীয় দেশের সাথে এমন চুক্তি করবে না, যা অন্যের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে। মঙ্গোলিয়া ‘এক চীন’ নীতির প্রতি দৃঢ় সমর্থন এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’র বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। এ ছাড়া সিচাং (তিব্বত), হংকং এবং সিনচিয়াং-সম্পর্কিত বিষয়গুলোকে চীনের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে।
দুই পক্ষ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং মঙ্গোলিয়ার স্টেপ রোড কর্মসূচির আওতায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এ ছাড়া তারা ফ্যাসিবাদ ও সামরিকবাদের বিরোধিতা এবং বিশ্ব শান্তি ও ন্যায়বিচার বজায় রাখার অঙ্গীকার করেছে। চীন, মঙ্গোলিয়া ও রাশিয়ার মধ্যকার ত্রিপক্ষীয় সহযোগিতার প্রশংসা করে তারা জানান, এই অর্থনৈতিক করিডোর আঞ্চলিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এসসিও , অ্যাপেক এবং ব্রিকসের মতো বহুমাত্রিক ব্যবস্থার ক্রমবর্ধমান প্রভাবকেও তারা ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে।
সূত্র: সিএমজি