সিরিয়ার ওপর থেকে অবিলম্বে সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিরিয়া সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন বাড়ানোর অনুরোধও জানিয়েছেন তিনি। গতকাল (রোববার) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, সিরিয়ার রাজনৈতিক রূপান্তর ‘সঠিক পথে এগোচ্ছে’। তার মতে, রাজনৈতিক সংস্কারগুলোকে জনগণের দৈনন্দিন জীবনের বাস্তব উন্নতিতে রূপ দিতে হবে, যাতে প্রত্যেক সিরীয় জাতি গঠনে সমানভাবে নিজের ভূমিকা উপলব্ধি করে।
জবাবদিহিতা, রূপান্তরকালীন ন্যায়বিচার, জাতীয় পুনর্মিলন এবং সাংবিধানিক খসড়া প্রণয়নে সিরিয়াকে সহায়তা করতে জাতিসংঘ ইচ্ছুক বলেও জানান তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক অংশগ্রহণ, বাস্তব সহায়তা প্রদান এবং শরণার্থী ও বাস্তুচ্যুতদের ‘নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন’ সহজ করার আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।
সূত্র: সিএমজি