চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্র সময় গতকাল (মঙ্গলবার) নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায় সম্মেলন চলাকালে কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে সাক্ষাৎ করেন।
উচ্চ-পর্যায়ের সম্মেলনে যোগ দিতে বিশেষ সফরে নিউইয়র্কে যাবার জন্য ওয়াং ই কুলুবায়েভকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, এটি কেবল চীনের উদ্যোগের প্রতি সমর্থনই প্রদর্শন করে না, বরং কিরগিজস্তানকে তার ভূমিকা পালনের জন্য একটি সুযোগও প্রদান করে। চীন ও কিরগিজস্তান সর্বদা একে অপরকে আস্থা ও সমর্থন রেখে এসেছে। চীনা প্রেসিডেন্ট সি এবং কিরগিজ প্রেসিডেন্ট জাপারভ দৃঢ় আস্থা ও বন্ধুত্ব স্থাপন করেছেন, যা চীন-কিরগিজস্তান সম্পর্কের উন্নয়নের জন্য কৌশলগত নিশ্চয়তা প্রদান করে। উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায়ে চীন ও কিরগিজস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ এবং জনগণের মধ্যে আদান-প্রদান নতুন উচ্চতায় পৌঁছেছে, চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ প্রকল্পটি মসৃণভাবে এগিয়ে চলেছে এবং বাস্তব সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে। চীন কিরগিজস্তানকে তার জাতীয় পরিস্থিতির উপযোগী একটি উন্নয়ন পথ অনুসরণে সমর্থন করে, তার জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন রক্ষায় সহায়তা করে এবং কিরগিজস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে। চীন বিশ্বাস করে, কিরগিজস্তান এক-চীন নীতি মেনে চলবে, চীনের পুনর্মিলনকে সমর্থন করবে এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ কার্যক্রমের বিরোধিতা করবে। চীন দুই রাষ্ট্রপ্রধানের পৌঁছানো ঐকমত্য সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে, উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করতে, পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতাকে এগিয়ে নিতে, আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এবং যৌথভাবে একটি ঘনিষ্ঠতর চীন-কিরগিজস্তান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে কিরগিজস্তানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। চীন-মধ্য এশিয়া ব্যবস্থায় কিরগিজস্তানের দীর্ঘদিনের গঠনমূলক ভূমিকার উচ্চ প্রশংসা করে চীন, এবং এ বছরের শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজনে কিরগিজস্তানকে পূর্ণ সমর্থন দেবে।
কুলুবায়েভ বলেছেন যে, চীনের উদ্যোগে আয়োজিত নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। কিরগিজস্তান ও চীন পরস্পরের আস্থাশীল ও আন্তরিক অংশীদার। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে পারস্পরিক গভীর বিশ্বাস রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছেন। তাইওয়ান, সিনচিয়াং এবং হংকং সম্পর্কিত চীনের মূল স্বার্থের সাথে জড়িত বিষয়গুলোতে, কিরগিজস্তান চীনকে দৃঢ়ভাবে সমর্থন করে। কিরগিজস্তান প্রেসিডেন্ট সি’র প্রস্তাবিত ধারাবাহিক বৈশ্বিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসা ও সমর্থন করে। তিনি আশা করেন চীন শাংহাই সহযোগিতা সংস্থার পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে কিরগিজস্তানকে সমর্থন অব্যাহত রাখবে। কিরগিজস্তান ও চীনের মধ্যে সুপ্রতিবেশী বন্ধুত্বকে আরও গভীর করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করতে কিরগিজস্তান চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
(তুহিনা/তৌহিদ/শুয়েই)