Sunday, November 8, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখলেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখলেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা

আফরিন মিম

চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী পর্যটননগরী সানইয়াতে ছয় দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা অংশ নেন। সফরে তারা শহরটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন অবকাঠামো এবং দ্রুত বিকাশমান অর্থনীতির বিভিন্ন দিক ঘুরে দেখেন।

১ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত ‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক এ কর্মসূচি ছিল ‘হোয়াই চায়না: ডিসকভারিং সানইয়া’ আন্তর্জাতিক যোগাযোগ উদ্যোগের অংশ। এর উদ্দেশ্য ছিল বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের কাছে চীনের সাংস্কৃতিক বৈচিত্র্য, আধুনিক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরা।

সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করে সানইয়া পৌর সাইবারস্পেস প্রশাসন এবং বাস্তবায়নের দায়িত্বে ছিল চায়না নিউজ সার্ভিস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপের হাইনান শাখা।

সানইয়ার লুহুইতোউ পর্যটন এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির সানইয়া পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও প্রচার বিভাগের প্রধান লি ইংথিং আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানান।

তিনি বলেন, পাহাড়, সমুদ্র ও আধুনিক নগরজীবনের সমন্বয়ে গড়ে ওঠা সানইয়া আন্তর্জাতিক পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হচ্ছে। বিদেশি গণমাধ্যমকর্মীদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে সানইয়ার সংস্কৃতি, উন্নয়ন ও স্থানীয় মানুষের জীবনযাত্রার গল্প বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

ছয় দিনের সফরে প্রতিনিধিরা সানইয়ার লুহুইতোউ, থিয়ানইয়া হাইচিয়াও, তাসিয়াওতোংথিয়ান, উচিচৌ দ্বীপ ও ওয়েস্ট আইল্যান্ডসহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, প্রবালপ্রাচীর রক্ষা এবং শতবর্ষী জেলেপল্লীর ঐতিহ্যবাহী জীবনযাত্রা সম্পর্কে ধারণা লাভ করেন।

ঐতিহাসিক ইয়াচৌ প্রাচীন নগরী পরিদর্শনের সময় তারা ঐতিহ্যবাহী স্থাপত্য, প্রাচীন সড়ক, স্থানীয় লোকসংগীত ও লি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এ ছাড়া সানইয়া বে, তাতংহাই পর্যটন এলাকা, থিয়ানইয়া টাউন ও ফার্স্ট মার্কেট ঘুরে স্থানীয় খাদ্য সংস্কৃতি, বাজারব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হন।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সানইয়ার আধুনিক পর্যটন ও বাণিজ্যিক অবকাঠামো পরিদর্শন। সানইয়া জয় সিটিতে বিদেশি পর্যটকদের কেনাকাটা ও অন্যান্য সেবা গ্রহণ সহজ করতে নেওয়া ‘পাসপোর্ট ফ্রেন্ডলি’ উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করা হয়।

পাশাপাশি তারা সানইয়ার আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাইনান লুচান পর্যটন বিশ্ববিদ্যালয় এবং ইউছাই পরিবেশ অঞ্চলের ডুরিয়ান ভ্যালি পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্য পর্যটন, আন্তর্জাতিক মানের আতিথেয়তা শিক্ষা এবং কৃষি-ভিত্তিক পর্যটন বিকাশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা লাভ করেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.