ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইউনূস ওমরজির সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি। মঙ্গলবার বেইজিংয়ে তাদের এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও বলেন, চীন উভয় পক্ষের নেতাদের গৃহীত ঐকমত্য ও ফলাফল বাস্তবায়নে ইউরোপীয় পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি পরস্পরকে অংশীদার হিসেবে দেখতে, পারস্পরিক সম্মান প্রদর্শন, উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতা বৃদ্ধি এবং চীন-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার স্থিতিশীল ও টেকসই উন্নয়নের জন্য বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ‘চীন-ইইউ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বিনিময়। আর এই বিনিময় চীনের এনপিসি ও ইউরোপীয় পার্লামেন্টের মধ্যকার বোঝাপড়া বাড়াতে ও বাস্তবমুখী সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।‘
ওমরজি বলেন, এই ইতিবাচক অগ্রগতির সঙ্গে ইইউ ও চীনের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে সাধারণ আদান-প্রদান পুনরায় শুরু হওয়া উভয়পক্ষের রাজনৈতিক সদিচ্ছারই বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ইউরোপীয় পার্লামেন্ট এক চীন নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মনোভাব নিয়ে এনপিসির সঙ্গে যোগাযোগ জোরদারে প্রস্তুত।
সাকিব/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি