যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ তিনি আরও বাড়াচ্ছেন। বুধবার রাতে এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আলোচনার আরও সুযোগ দিতে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে লিখেছেন, বর্তমানে ইরানের সরকার অভ্যন্তরীণভাবে কিছুটা অস্থিতিশীল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে ট্রাম্প এই আক্রমণ স্থগিত রাখতে রাজি হয়েছেন। পাকিস্তান চেয়েছিল ইরান যেন একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে আসতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, যতক্ষণ না ইরান কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছে এবং আলোচনা শেষ হচ্ছে, ততক্ষণ এই যুদ্ধবিরতি চলবে। তবে ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বজায় থাকবে।
ইরান সরকার এই যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, তারা কোনো সময় বাড়ানোর আবেদন করেনি। এমনকি তারা মার্কিন অবরোধ ভেঙে ফেলারও হুমকি দিয়েছে।
কাতার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সতর্ক করেছে যে, পারস্য উপসাগরের 'হরমুজ প্রণালি' বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা–আইইএ সতর্ক করেছে যে, এই উত্তেজনার ফলে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হতে পারে।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিজিটিএন।