ঢাকায় চীনের অনুদানে একটি আধুনিক মোবাইল মেডিক্যাল সার্জিক্যাল ভেহিকল বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের (এনআইসিভিডি) একটি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনআইসিভিডির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ শাহরিয়ার।
এতে উপস্থিত ছিলেন ইয়ুননান ফুওয়াই কার্ডিওভাসকুলার হাসপাতালের প্রতিনিধি ড. তুয়ো লিন, ইয়ুননান প্রাদেশিক সরকারের বৈদেশিক দপ্তরের উপ-মহাপরিচালক মা চুয়োশিন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকরা।
এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই যান বাংলাদেশের স্বাস্থ্যখাতের সার্জিক্যাল সেবায় নতুন মাত্রা যোগ করবে এবং এটি একটি হাইলাইট হিসেবে কাজ করবে। বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য সহযোগিতা কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই মোবাইল মেডিকেল সার্জিক্যাল ভেহিকল দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঐশী/হাশিম।