জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: স্বর্ণ ও স্বর্ণজাত পণ্য আমদানি-রপ্তানির বিদ্যমান বিধিমালা সংশোধন করার প্রস্তাব করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থা। বাণিজ্যের প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং ব্যক্তিগত পর্যায়ে সীমান্ত দিয়ে স্বর্ণ পরিবহন ব্যবস্থাপনাকে আরও উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অফ চায়না’ জানিয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের সাথে যৌথভাবে এই খসড়া সংশোধনীগুলো তৈরি করা হয়েছে। পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি, আইনি প্রয়োজনীয়তা এবং বর্তমান নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বিদ্যমান কাঠামোকে আধুনিকায়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, দীর্ঘদিনের পুরোনো নিয়মের পরিবর্তে আধুনিক ও বাস্তবসম্মত নীতিমালার প্রয়োগ বাণিজ্যে গতি আনবে। একইসঙ্গে, স্বর্ণের মতো সংবেদনশীল পণ্য আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধ পাচার বা জালিয়াতি রোধে এই কঠোর আইনি কাঠামো কার্যকর ভূমিকা রাখবে।
বর্তমানে স্বর্ণের বৈশ্বিক বাণিজ্যে চীন অন্যতম প্রধান ভূমিকা পালন করে। তাই দেশটির নিয়ন্ত্রক সংস্থার এই উদ্যোগ আন্তর্জাতিক স্বর্ণ বাজারে লেনদেনের প্রক্রিয়া এবং নজরদারি ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: সিনহুয়া।