জুন ৩০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং সিসেলেসের প্রেসিডেন্ট প্যাট্রিক হার্মিনি, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে, একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
বার্তায় সি চিন পিং বলেন, বিগত ৫০ বছর ধরে, আন্তর্জাতিক পরিস্থিতির নানান পরিবর্তনের মধ্যেও, চীন ও সিসেলেস সবসময় একে অপরকে বিশ্বাস ও দৃঢ়তার সাথে সমর্থন করে আসছে। দু’দেশের মৈত্রী অটল ও সুদৃঢ়। তিনি বিশ্বাস করেন, দু’পক্ষ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য সমুন্নত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চললে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পথ নিশ্চয়ই আরও প্রশস্ত হবে; পারস্পরিক সহযোগিতার ভবিষ্যত্ নিশ্চয়ই আরও উজ্জ্বল হবে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট হার্মিনি’র সাথে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে, উচ্চমানের বিআরআই ও চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের কাঠামোয় পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করে, অভিন্ন উন্নয়ন বেগবান করে, এবং চীন-সিসেলেস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক অব্যাহতভাবে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে, আরও ভালোভাবে দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা সম্ভব।
হার্মিনি তাঁর বার্তায় বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫০ বছরে, দু’দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত থেকে উন্নততর হয়েছে। চীন সবসময়, অন্যতম মূল্যবান অংশীদার হিসেবে, তার দেশের উন্নয়ন-লক্ষ্য বাস্তবায়নে বহু সমর্থন দিয়েছে ও দিচ্ছে।
তিনি আরও বলেন, সিসেলেস ‘এক-চীননীতি’-তে অবিচল আছে এবং বিআরআই ও চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের কাঠামোয়, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। সূত্র: সিএমজি বাংলা