শিক্ষা, গবেষণা, ভাষা শিক্ষা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনের ওয়েস্ট ইয়ুননান বিশ্ববিদ্যালয়।
সোমবার ওয়েস্ট ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক চাং ইয়ানমেইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ওয়েস্ট ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং দেশের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন।
তিনি বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এরই মধ্যে ১০৫ বছর অতিক্রম করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১০টি অনুষদ ও ৮৪টি বিভাগ রয়েছে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করতে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, যৌথ ডিগ্রিসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও ঢাবির একাধিক সহযোগিতামূলক কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে।
ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, আধুনিক বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনে ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা, কোরিয়ান, জাপানি, জার্মানসহ বিভিন্ন ভাষা শেখানোর কার্যক্রম রয়েছে। বিশেষ করে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সূত্র: সিএমজি