মঙ্গলগ্রহ থেকে চীনের প্রথম নমুনা সংগ্রহ অভিযানে আন্তর্জাতিক সহযোগীদের নাম ঘোষণা করেছে চীন জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ)। শুক্রবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানায়, থিয়ানওয়েন-৩ মিশনের জন্য পাঁচটি আন্তর্জাতিক প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।
২০২৫ সালের এপ্রিলে সিএনএসএ আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব আহ্বান করে জানায়, মিশনের জন্য ২০ কিলোগ্রাম পেলোড আন্তর্জাতিক অংশীদারদের জন্য উন্মুক্ত রাখা হবে। এ আহ্বানে মোট ২৮টি আবেদন জমা পড়ে।
দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতু শহরে অনুষ্ঠিত চীনের ১১তম মহাকাশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। সিএনএসএ জানায়, উচ্চ বৈজ্ঞানিক মূল্য, কার্যকর অভিযান সহায়তা, সুদৃঢ় প্রকৌশলগত সম্ভাব্যতা এবং উচ্চ প্রযুক্তিগত পরিপক্কতার ভিত্তিতে পাঁচটি প্রকল্প নির্বাচন করা হয়েছে।
চীনের গ্রহ অন্বেষণ কর্মসূচির অংশ হিসেবে থিয়ানওয়েন-৩ মিশনটি প্রায় ২০২৮ সালের দিকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে মঙ্গলগ্রহের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা।
সূত্র: সিএমজি বাংলা