বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের সদস্যপদ লাভের ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় (সিআইআইই) সংস্থাটির অর্থনীতিবিদ স্টেলা রুবিনোভা চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সাংবাদিকের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন। এ সময় তিনি আমদানি মেলার বিশেষ গুরুত্ব এবং বৈশ্বিক বাণিজ্যে চীনের ভূমিকা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।
বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থনীতিবিদ স্টেলা রুবিনোভা বলেন, আমদানি মেলার বিশেষত্ব হলো, এটি মূলত আমদানির ওপর গুরুত্ব দেয়। এর মাধ্যমে বিদেশি উৎপাদকরা চীনের সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান। একই সঙ্গে চীনের সম্ভাব্য ক্রেতারাও বিদেশি পণ্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন। আমদানি মেলা ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসে। এতে তথ্য সংগ্রহের খরচ কমে, পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং বাণিজ্যিক বাধা কমানো ও সংশ্লিষ্ট বাণিজ্যনীতি কার্যকরভাবে বাস্তবায়নের অনুকূল পরিবেশ তৈরি হয়।
বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত চীনের প্রকৃত জিডিপি প্রায় সাত গুণ বেড়েছে। একই সময়ে বিশ্ব অর্থনীতি বেড়েছে প্রায় দ্বিগুণ।
গত ২৫ বছরে চীন ও বিশ্ব বাণিজ্য সংস্থার সম্পর্ক কীভাবে পরিবর্তিত হয়েছে—এমন প্রশ্নের জবাবে সংস্থাটির অর্থনীতিবিদ স্টেলা রুবিনোভা বলেন, চীনের ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নের ফলে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার কাঠামো গঠনের প্রক্রিয়ায় দেশটি এখন অন্যতম প্রধান অংশগ্রহণকারী।
তিনি বলেন, ডব্লিউটিওর বিভিন্ন স্থায়ী কমিটির কার্যক্রমে চীন গঠনমূলক ভূমিকা পালন করছে। উন্নয়নের জন্য বিনিয়োগ সহজীকরণ এবং ই-কমার্সের মতো উদ্যোগে চীন সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে। এ ছাড়া মৎস্য ভর্তুকিসংক্রান্ত চুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পাদনের ক্ষেত্রেও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র: সিএমজি