আচার-অনুষ্ঠান বা ‘লি’ চীনা সংস্কৃতির অন্যতম মূল ভিত্তি। প্রাচীনকালে রাষ্ট্র পরিচালনায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটি কেবল ব্যক্তিগত আত্মশুদ্ধি ও আচরণবিধির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ নীতি হিসেবেও বিবেচিত হতো। অভ্যন্তরীণ ও বৈদেশিক বিভিন্ন বিষয় পরিচালনায় আচার-অনুষ্ঠানের বিশেষ ভূমিকা ছিল। তাই চীনা সংস্কৃতিকে বুঝতে হলে চীনের আচার-অনুষ্ঠান সম্পর্কে জানা অপরিহার্য।
এ অধ্যায়ে মিং সম্রাট রেনজং এবং লু রাজ্যের শাসক চাও জুংয়ের গল্পের মাধ্যমে আচার-অনুষ্ঠানের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ব্যক্তি-ব্যক্তির সম্পর্ক, মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক এবং রাষ্ট্রীয় কূটনীতিতে আচার-অনুষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে। সেই সঙ্গে আজ আমরা বলব মিং সম্রাট রেনজংয়ের ‘বিনয়ের সঙ্গে উৎসর্গ’ অনুষ্ঠান সম্পন্ন করার গল্প। উৎসর্গ অনুষ্ঠান ‘আচার’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনের বসন্ত উৎসব, ছিংমিং উৎসব ও ছুংইয়াং উৎসবের মতো ঐতিহ্যবাহী উৎসবেও উৎসর্গ অনুষ্ঠানের প্রচলন রয়েছে। চীনের ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানকে প্রধানত পাঁচটি শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হলো—শুভ আচার, অশুভ আচার, সামরিক আচার, অতিথি আচার এবং আনন্দ আচার।
শুভ আচার বলতে স্বর্গের দেবতা, পৃথিবীর দেবতা এবং পূর্বপুরুষদের আত্মার উদ্দেশে উৎসর্গ দেওয়ার অনুষ্ঠানকে বোঝায়। অশুভ আচার বলতে শোক প্রকাশ, সমবেদনা জানানো এবং দুঃখের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আনুষ্ঠানিকতাকে বোঝায়। সামরিক আচার হলো সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা।
অতিথি আচার বলতে সম্রাটের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলের সামন্ত শাসকদের আপ্যায়ন এবং সামন্ত শাসকদের পাঠানো দূতদের সম্রাটের সামনে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানোর রীতিকে বোঝায়। অন্যদিকে, আনন্দ আচার বলতে ভোজ, বিবাহ, উপনয়ন ও বিভিন্ন উৎসবকেন্দ্রিক আনুষ্ঠানিকতাকে বোঝায়। এসব আয়োজনের উদ্দেশ্য হলো মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা, যোগাযোগ বৃদ্ধি করা এবং আবেগের বন্ধন দৃঢ় করা। এই পাঁচ ধরনের আচারের মধ্যে উৎসর্গ অনুষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভ আচারের একটি।
এ অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি, দেবতা ও পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। কনফুসিয়াস বলেছেন, পূর্বপুরুষ ও দেবতাদের উদ্দেশে উৎসর্গ করার সময় তাদের এমনভাবে অনুভব করতে হবে, যেন তারা নিজের সামনেই উপস্থিত রয়েছেন। মৃতদের সঙ্গে এমন আচরণ করতে হবে, যেন তারা জীবিত। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, উৎসর্গ অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনয় ও আন্তরিকতার মনোভাব। মিং সম্রাট রেনজং একবার অত্যন্ত বিনয়ের সঙ্গে উৎসর্গ অনুষ্ঠান সম্পন্ন করে সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন। ইতিহাসেও তার এই আচরণ প্রশংসিত হয়েছে।
মিং সম্রাট রেনজংয়ের প্রকৃত নাম ছিল জু কাওচি। তিনি ছিলেন মিং রাজবংশের চতুর্থ সম্রাট এবং সম্রাট ছেংজু জু দিয়ের জ্যেষ্ঠ পুত্র। স্বভাবগতভাবে তিনি ছিলেন শান্ত, কথাবার্তা ও কাজে গম্ভীর এবং পড়াশোনার প্রতি অনুরাগী।
ঘটনাটি তার যুবরাজ থাকার সময়কার। একবার সম্রাট ছেংজু তাকে একটি উৎসর্গ অনুষ্ঠানের দায়িত্ব দেন। অনুষ্ঠানের বিভিন্ন বিষয় পরিচালনা ও সম্পন্ন করার ভারও তার ওপর অর্পণ করা হয়। দায়িত্ব পাওয়ার পর রেনজং অত্যন্ত সতর্কতা ও বিনয়ের সঙ্গে পুরো আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেন। উৎসর্গ অনুষ্ঠানে ব্যবহৃত পাত্র থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের আনুষ্ঠানিকতা—সবকিছুই তিনি নিজ হাতে তদারকি করেন।
কিন্তু ঠিক সেই সময় তার মাথাব্যথার পুরনো রোগটি আবার দেখা দেয়। চিকিৎসক তাকে পরীক্ষা করে ওষুধ সেবনের পাশাপাশি ঘাম ঝরানোর পরামর্শ দেন। একই সঙ্গে বাইরে বাতাসে না যাওয়ার নির্দেশ দেন। চিকিৎসকের পরামর্শ মেনে চললে তার পক্ষে নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব ছিল না।
রেনজংয়ের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার অধস্তন কর্মকর্তা ও পরিচারকেরা পরামর্শ দেন, তিনি যেন অন্য কাউকে তার পরিবর্তে অনুষ্ঠানের দায়িত্ব পালন করতে বলেন। কিন্তু রেনজং এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘পিতা-সম্রাট আমাকে উৎসর্গ অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছেন। এখন যদি আমি অন্য কাউকে আমার পরিবর্তে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করি, তাহলে কি তা সম্রাট-পিতার আদেশের অবমাননা করা হবে না?’
এরপর অসুস্থ শরীর নিয়েই রেনজং অনুষ্ঠানে অংশ নেন। শেষ পর্যন্ত নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করেন। রেনজংয়ের এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যুবরাজের সহকারী ও শিক্ষক কর্মকর্তা ইয়াং শিচি।
পরে সম্রাট ছেংজু নানচিংয়ে ফিরে আসেন। রাজদরবারের বৈঠক শেষে তিনি ইয়াং শিচিকে (১৩৬৬-১৪৪৪) ডেকে পাঠান। ইয়াং শিচি ছিলেন মিং রাজবংশের শুরুর দিকের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও পণ্ডিত। সম্রাট ছেংজু সিংহাসনে আরোহণের পর তাকে যুবরাজের সহচর ও শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় তিনি মিং সম্রাট রেনজংকে বিভিন্ন বিষয়ে সহায়তা করতেন।
সম্রাট ছেংজু তাকে যুবরাজের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, ‘তুমি দীর্ঘদিন ধরে যুবরাজকে সহায়তা করছ। তার গুণাবলি সম্পর্কে তোমার ভালোভাবে জানার কথা। বলো তো, যুবরাজ আসলে কেমন মানুষ?’
জবাবে ইয়াং শিচি বলেন, ‘যুবরাজ অত্যন্ত দয়ালু, পিতৃভক্ত, বিনয়ী ও শ্রদ্ধাশীল। সাধারণ মানুষের সঙ্গে তার তুলনা চলে না।’
ইয়াং শিচির এমন প্রশংসা শুনে সম্রাট ছেংজু কয়েকটি উদাহরণ জানতে চাইলেন। তখন ইয়াং শিচি রেনজংয়ের অসুস্থ অবস্থায়ও উৎসর্গ অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনাটি সম্রাটকে জানান। তিনি আরও বলেন, ‘এ ছাড়া, সম্রাট আপনার পাঠানো বিভিন্ন জিনিসপত্র যুবরাজ নিজে পরীক্ষা করেন এবং সেগুলোতে সিলমোহর লাগানোর পর পাঠানোর ব্যবস্থা করেন। এ ধরনের দায়িত্ব তিনি কখনোই সহজে অন্য কারও হাতে ছেড়ে দেন না।’
এ কথা শুনে সম্রাট ছেংজু বলেন, ‘এগুলো তো একজন পুত্র হিসেবে প্রত্যেকেরই করা উচিত!’
জবাবে ইয়াং শিচি বলেন, ‘প্রাচীনকাল থেকেই মহান ঋষি ও জ্ঞানীরা তাদের করণীয় কাজগুলো সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন। যুবরাজ যখন আন্তরিকভাবে দেবতা ও পূর্বপুরুষদের প্রতি বিনয় ও শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন এবং পিতা-সম্রাটের প্রতি যথাযথ পুত্রধর্ম পালন করতে পারেন, তখন তিনি অবশ্যই একই মনোভাব জনগণের প্রতিও প্রয়োগ করবেন। আমার বিশ্বাস, ভবিষ্যতে যুবরাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবেন এবং জনগণকে ভালোবাসবেন। সম্রাট হিসেবে আপনার অর্পিত দায়িত্ব পালনে তিনি কখনোই ব্যর্থ হবেন না।’
ইয়াং শিচির কথা শুনে সম্রাট ছেংজু অত্যন্ত আনন্দিত হন।
উৎসর্গ অনুষ্ঠানে রেনজংয়ের নিজে উপস্থিত থাকা এবং প্রতিটি বিষয় অত্যন্ত বিনয়ের সঙ্গে পরিচালনা করার ঘটনা তাকে অন্যদের কাছে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তী সময়ে সিংহাসনে আরোহণের পর তিনি প্রাচীনকালের মহান ঋষি ও আদর্শ শাসকদের অনুসরণ করে জনকল্যাণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেন। এর মাধ্যমে তিনি জনগণের সমর্থন অর্জন করেন, রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দেন এবং পরবর্তী প্রজন্মের কাছেও ব্যাপক প্রশংসা লাভ করেন।
কিন্তু প্রশ্ন হলো, মিং সম্রাট রেনজং উৎসর্গ অনুষ্ঠানকে এতটা গুরুত্ব দিতেন কেন?
‘সুনজি’ গ্রন্থে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। সুনজি হলো যুদ্ধরত রাষ্ট্রসমূহের সময়কালের কনফুসীয় চিন্তাবিদ সুনজি ও তার শিষ্যদের চিন্তাভাবনা, বক্তব্য এবং বিভিন্ন ঘটনার সংকলন। এটি কনফুসীয় দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে বলা হয়েছে, ‘স্বর্গ ও পৃথিবী সবকিছুর জন্ম দেয় এবং সেগুলোকে লালন-পালন করে। তাই স্বর্গ ও পৃথিবীই সব সৃষ্টির বিকাশের মূল ভিত্তি। পূর্বপুরুষ হলেন মানুষের মূল। পূর্বপুরুষ না থাকলে পরবর্তী প্রজন্মের অস্তিত্বও থাকত না। একইভাবে, রাষ্ট্রের শাসক ও শিক্ষক হলেন রাষ্ট্র পরিচালনার ভিত্তি। শাসকের প্রতিদিনের অসংখ্য দায়িত্ব যথাযথভাবে পালন এবং শিক্ষকের নিরলস শিক্ষাদান না থাকলে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠিত হতে পারত না।’
উৎসর্গ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো স্বর্গ ও পৃথিবীর সব সৃষ্টির প্রতি, পূর্বপুরুষদের প্রতি এবং শাসক ও শিক্ষকদের প্রতি বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ করা। এর মাধ্যমে মানুষকে নিজের শিকড়ের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় এবং কখনোই নিজের উৎস ও অতীতকে ভুলে না যাওয়ার শিক্ষা দেওয়া হয়।
লেখক: সাংবাদিক, সিএমজি বাংলা