চীন ও কিরিবাতির দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পার্শ্ববৈঠকে কিরিবাতির প্রেসিডেন্ট তানেতি মামাউয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।
বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে কিরিবাতির প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে হান চেং বলেন, ‘২০১৯ সালে চীন ও কিরিবাতির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দু’দেশের সম্পর্ক দ্রুত এগিয়েছে। এ ছাড়া রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর হওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগও বেড়েছে।‘
ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন দু’দেশের জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদি স্বার্থে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে রাজনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় করা, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং বহুপক্ষীয় বিষয়ে সমন্বয় জোরদারে চীন কিরিবাতির সঙ্গে কাজ করতে প্রস্তুত।‘
এসময় কিরিবাতির প্রেসিডেন্ট মামাউ বলেন, ‘কিরিবাতি একচীন নীতিতে দৃঢ়ভাবে অটল এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদারে আগ্রহী।‘
সূত্র: সিএমজি