জাতিসংঘের প্রতি চীনের সমর্থন সবসময়ই দৃঢ় ও অবিচল থাকবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান হান চেং।
তিনি বলেন, ‘জাতিসংঘের কর্তৃত্ব ও কেন্দ্রীয় ভূমিকা রক্ষায় চীন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভের প্রতি প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সমর্থন জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।‘
হান চেং বলেন, ‘বহুপক্ষীয়তাবাদ জোরদার এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়নে জাতিসংঘ সাধারণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় চীন ভবিষ্যতেও সাধারণ পরিষদ ও এর সভাপতির কাজকে সমর্থন করবে।‘
তিনি আরও বলেন, ‘জাতিসংঘে গণচীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকীতে চীন-জাতিসংঘ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জাতিসংঘ সংস্কার ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পক্ষেও চীন।‘
জবাবে খলিলুর রহমান জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চীনের প্রশংসা করেন এবং একতরফাবাদ মোকাবিলায় বহুপক্ষীয়তার প্রতি চীনের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সি চিন পিংয়ের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অগ্রাধিকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদ এক-চীন নীতি দৃঢ়ভাবে মেনে চলবে বলেও জানান তিনি।‘
সূত্র: সিএমজি