স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। ২০২৭ সাল থেকে এই পদ্ধতি আর থাকবে না। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দেওয়া এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আগামী ২০২৭ সাল থেকে এ পদ্ধতি বাতিল করা হবে। এর পরিবর্তে অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।
এর মাধ্যমে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত গত বছরের ১৩ ও ১৯ নভেম্বর জারি করা আগের দুটি নীতিমালা বাতিল করেছে মন্ত্রণালয়।
এর আগে আজ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, স্কুলে ভর্তি প্রক্রিয়ায় চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করার পরিকল্পনা করছে সরকার। এর পরিবর্তে ভর্তি পরীক্ষাভিত্তিক নতুন পদ্ধতি চালু করা হবে।
‘গত এক মাস ধরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লটারি পদ্ধতিতে মেধার যথাযথ মূল্যায়ন হয় না,’ যোগ করেন তিনি।