এশিয়ান গেমসে শততম সোনার মাইলফলক স্পর্শ করেছে চীন। শুটিংয়ে নারীদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত ও ব্যক্তিগত— দুই ইভেন্টেই সোনা জিতে ইতিহাস গড়েছে দেশটি।
হান চিয়ায়ু, চাং লিয়ুয়ান ও ওয়াং চিফেইয়ের সমন্বয়ে চীনের দল সংগ্রহ করে ১ হাজার ৭৭৩ পয়েন্ট, যা বিশ্ব রেকর্ডের চেয়ে মাত্র এক পয়েন্ট কম। ১ হাজার ৭৬৩ পয়েন্ট নিয়ে রৌপ্য জেতে ভারত, আর ১ হাজার ৭৫৪ পয়েন্টে ব্রোঞ্জ কাজাখস্তানের।
দলগত সোনার পর ব্যক্তিগত ইভেন্টেও বাজিমাত করেন হান জিয়ায়ু। সতীর্থ চাং লিয়ুয়ানকে মাত্র শূন্য দশমিক দুই পয়েন্টের ব্যবধানে হারিয়ে জিতে নেন ব্যক্তিগত সোনা।
ফাইনালের শেষ মুহূর্তে ছিল টানটান উত্তেজনা। শেষ শটের আগে চাং এগিয়ে ছিলেন শূন্য দশমিক চার পয়েন্টে। তবে হান শেষ শটে ১০ দশমিক ৫ পয়েন্ট তুলে নেন, বিপরীতে চাং পান ১০ দশমিক ১।
শেষ পর্যন্ত হানের স্কোর ৩৫৯ দশমিক শূন্য। চাংয়ের ৩৫৮ দশমিক ৮। ব্রোঞ্জ জেতেন দক্ষিণ কোরিয়ার কিম জিয়ে-উন।
এটি এশিয়ান গেমসে হান চিয়ায়ুর প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক। চীনের শততম সোনায় অবদান sরাখতে পেরে গর্বিত বলেও জানান তিনি।
এদিকে পুরুষদের ট্রিপল জাম্পে ৩৬ বছরের পুরোনো এশিয়ান গেমস রেকর্ড ভেঙেছেন চীনের সু ওয়েন।
১৭ দশমিক ৪২ মিটার লাফ দিয়ে ১৯৯০ সালের বেইজিং এশিয়ান গেমসে স্বদেশি চৌ সিসিনের করা ১৭ দশমিক ৩১ মিটারের রেকর্ড পেছনে ফেলেন সু।
এই ইভেন্টে প্রথম এশিয়ান গেমস সোনা জিতেছেন তিনি। ১৬ দশমিক ৭৭ মিটার লাফ দিয়ে রৌপ্য জাপানের মানাতো মিয়াওয়ের, আর ১৬ দশমিক ৭৫ মিটারে ব্রোঞ্জ চীনের মা ইংলংয়ের।
তৃতীয় প্রচেষ্টার আগে নিজের কৌশল ও টেকঅফে মনোযোগ দেওয়ার সিদ্ধান্তই সাফল্যের চাবিকাঠি ছিল বলে জানান সু ওয়েন।
এশিয়ান গেমসে তাই একদিনেই চীনের সাফল্যের খাতায় যোগ হলো নতুন দুটি স্বর্ণপদক এবং একটি দীর্ঘদিনের রেকর্ড ভাঙার কীর্তি।
সূত্র: সিএমজি