জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ১৭ থেকে ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২তম বেইজিং আন্তর্জাতিক বইমেলা। বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের জাতীয় সম্মেলন কেন্দ্রে আয়োজিত হতে যাওয়া এবারের বইমেলার প্রদর্শনী এলাকা হবে প্রায় ৬০ হাজার বর্গমিটার। আয়োজকরা জানিয়েছেন, বইয়ের মাধ্যমে যোগাযোগ, সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এবারের মেলার মূল লক্ষ্য।
মেলায় বিশ্বের ৮২টি দেশ ও অঞ্চলের ১,৭০০-এর বেশি প্রকাশনা প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নেবে। এতে বিশ্বজুড়ে প্রকাশিত প্রায় ২ লাখ ২০ হাজার বই প্রদর্শিত হবে।
এবারের বইমেলায় সংযুক্ত আরব আমিরাতকে ‘কান্ট্রি অব অনার’ বা সম্মানিত অতিথি দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কপিরাইট সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশেষ ম্যাচমেকিং অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও প্রকাশনা বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া মেলায় অনলাইন সাহিত্য, ডিজিটাল পাঠাভ্যাস, প্রকাশনা শিল্পের নতুন প্রবণতা এবং আন্তর্জাতিক কপিরাইট বাণিজ্য নিয়ে নানা সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।
আয়োজকদের আশা, এই বইমেলা আন্তর্জাতিক প্রকাশনা শিল্পে সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় জোরদার এবং বৈশ্বিক পাঠক ও প্রকাশকদের মধ্যে নতুন সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি : সিসিটিভি