'মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি' এই শ্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় সুন্দর সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর আয়োজনে এক আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাদক কারবারিদের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি কামারগাঁও টু সালদৈ এবং ঘাগটিয়া চালা টু আড়াল গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে।
ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মো: মতিউর রহমানের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সাবেক সেনা সদস্য মো: তারিকুল হাসান নাজির (টিটু), জামায়াতের মো: জহিরুল ইসলাম ও মো: আবুল কাশেম, মো: রহমাতুল্লাহ, প্রতিভা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন তারেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: রফিকুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম পারভেজ, স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত কামারগাঁও এর প্রতিষ্ঠাতা মো: রাজ্জাক মুন্সী, গাজীপুর জজকোর্টের আইনজীবী মো: রবিন, মো: জহিরুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, আতিফ ইলেকট্রনিক্সের পরিচালক আজিজুল হক, মো: আরিফ হোসেন মো: সাদিরসহ প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। এছাড়াও মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সকলের সহযোগিতা কামনা করেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।