আসন্ন স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় ৫ নং ঘাগটিয়া ইউনিয়নের কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান পদপ্রার্থী বাছাইয়ে ও বিএনপি দলীয় তৃণমূলের সমর্থনে মনোনীত হয়েছেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার ঘাগটিয়া চালা ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত দিনব্যাপী এক বর্ধিত সভা শেষে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে এ সমর্থন জানান তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাপাসিয়া উপজেলা বিএনপির সিদ্ধান্তে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে তৃণমূল নেতাকর্মীদের সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।
এদিকে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির দু'জন আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় ছিলেন। এদের মধ্যে একজন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বজলুর রশিদ নয়ন এবং অপরজন ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন।
এ সময় লটারির মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূল পর্যায় থেকে বক্তব্য আহ্বান করা হয়। এতে প্রায় ২৫ জন ব্যক্তি তাদের মুক্ত মতামত প্রদান করেন। বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যে আলোচনায় উঠে আসে যুবদল নেতা মামুনুর রশিদের নাম।
নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, দলের দুঃসময়ে সার্বক্ষণিক ছায়ার মতো সঙ্গী হিসেবে ছিলেন তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীর আইডল মামুনুর রশীদ। আওয়ামী শাসনামলে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানি মূলক মামলার হাজিরার সময় আদালতে সকল খরচ বহন করতেন তিনি। এছাড়াও সামাজিক বিভিন্ন কাজে এলাকায় রয়েছে তার ব্যাপক অবদান।
আলোচনা সভার প্রথম অধিবেশন শেষে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের মাধ্যমে জুড়ি বোর্ড গঠন হয়। এতে কোন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনে মোট কাউন্সিলর ছিলো ৭শত ৪০ জন। এরমধ্যে ৫শ ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রয়োগের পর ত্রুটির জন্য ৩টি ভোট বাতিল হয়।
দীর্ঘদিনের সকল জল্পনা-কল্পনা শেষে কাউন্সিলরদের প্রদানকৃত গোপন ভোটে নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বাছাইয়ে ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন পেয়েছেন ১২২ ভোট।
ভোটের ফলাফল বা মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। সিদ্ধান্ত অমান্য করে ভোটের সময় অন্যদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করবেন, তৃণমূল তা মেনে নেবে না। বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, তৃণমূল নেতাকর্মীরা হলো বিএনপির চালিকা শক্তি। দল বা কোন নেতৃবৃন্দ দায় নিবে না বলেই এ কাউন্সিল। এতে নেতৃবৃন্দদের মতের প্রতিফলন ঘটেছে। আমরা আশা করবো সকলেই তৃনমুলের শান্তিপূর্ণ রায় মেনে নিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রি: জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্'র প্রিয় জন্মভূমি ঘাগটিয়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো মূল্যে আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাই সকল পর্যায়ের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অবস্থানে থেকে দলের প্রতি বিগত দিনের দায় শোধ করবেন বলে আমি আশাবাদী।
এসময় বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।