চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেছেন, প্রতিরক্ষামূলক নিরাপত্তা অবস্থান শক্তিশালী করার আড়ালে জাপানের ডানপন্থী শক্তিগুলো দেশটির নিরাপত্তানীতিকে আক্রমণাত্মক ও সম্প্রসারণবাদী পথে নিয়ে যাচ্ছে।
নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি দেশটির তিনটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা-সংক্রান্ত নথি সংশোধনের একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে—এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে লিন এ কথা বলেন।
লিন বলেন, জাপানের ডানপন্থী শক্তিগুলো দেশটির সংবিধান, আন্তর্জাতিক আইন এবং অভ্যন্তরীণ আইনের মাধ্যমে আরোপিত সীমাবদ্ধতাগুলো ধীরে ধীরে দুর্বল করার চেষ্টা করছে। তারা আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়বদ্ধতা থেকে সরে আসতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চাইছে।
তিনি আরও বলেন, এই প্রবণতা ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে এবং এটি অত্যন্ত বিপজ্জনক। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে হবে।
সিএমজি বাংলা