নতুন সুযোগের জন্য উন্মুক্ততা, যৌথ ভবিষ্যতের জন্য সহযোগিতা’—এই প্রতিপাদ্যে বুধবার শাংহাইয়ে শুরু হয়েছে ৮ম হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিল্প প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
ফোরামটি চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো—সিআইআইই-’র একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব অর্থনীতি গড়ে তোলার দিকনির্দেশনা নিয়ে ফোরামে প্রকাশ করা হয় ‘ওয়ার্ল্ড ওপেননেস রিপোর্ট ২০২৫’, যেখানে বৈশ্বিক তথ্য প্রবাহ, সরবরাহ শৃঙ্খল এবং উন্নয়নশীল দেশের শিল্পায়ন নিয়ে বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন উপ-ফোরামে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের উচ্চমানের উন্নয়ন’ শীর্ষক সেশনে বিশেষজ্ঞরা এআই প্রযুক্তির নতুন অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। আরেকটি সেশনে, ‘মানবাকৃতির রোবট উদ্ভাবন ও উন্নয়ন সহযোগিতা’ বিষয়ক আলোচনায় প্রকাশিত হয় ‘হিউম্যানয়েড রোবট ইন্ডাস্ট্রি চেইন ল্যান্ডস্কেপ’ প্রতিবেদন, যা এই খাতের প্রযুক্তিগত মানদণ্ড ও দিকনির্দেশনা তুলে ধরে।
একই সঙ্গে ‘বৈশ্বিক বাণিজ্য পুনর্গঠন এবং ডাব্লিউটিও সংস্কার’ উপ-ফোরামে বর্তমান বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়। ‘উন্মুক্ত বাণিজ্য ও নিরাপত্তাভিত্তিক উন্নয়ন’ উপ-ফোরামে প্রকাশিত হয় ‘ফেসিং ২০৫০’ প্রতিবেদন, যেখানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নতুন নিয়ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার আলোকে তুলে ধরা হয়েছে আধুনিক বাণিজ্য ও লজিস্টিকসের রূপরেখা।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি