তুরস্কের ইস্তাম্বুল প্রধান পাবলিক প্রসিকিউটর অফিস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের ‘পদ্ধতিগত হামলার’ অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তদন্তটি শুরু হয়েছিল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ এবং ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের একটি বেসামরিক ত্রাণ মিশনের সদস্যদের রিপোর্টের পর। ফ্লোটিলা গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করার সময় ইসরায়েলি নৌবাহিনীর দ্বারা আটক হয়েছিল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী গিদিয়ন সার এই পরোয়ানাকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ‘পিআর স্টান্ট’ হিসেবে খারিজ করেছেন এবং বলেন, ইসরায়েল দৃঢ়ভাবে এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে। এরদোগান গাজার সামরিক অভিযানের সময় ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচক ছিলেন।
২০২৩ সালের হামাসের আক্রমণের পর এই অভিযান শুরু হয়েছিল, যা ইসরায়েলের দাবি অনুযায়ী প্রায় ১,২০০ জনকে হত্যা করে। তবে প্যালেস্টাইনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ওই সময় থেকে গাজায় নিহতের সংখ্যা ৬৮হাজার ছাড়িয়েছে এবং অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে। তুরস্ক গত মাসে গাজায় যুদ্ধবিরতি চুক্তির এক গ্যারান্টর দেশ হিসেবেও কাজ করছে।
আজাদ/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন