নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও গভীর করতে আগ্রহী কুক আইল্যান্ডস। দেশটির রাজার প্রতিনিধি টম মার্স্টার্স এ আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি কুক আইল্যান্ডসে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত চাও সিংয়ের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টম মার্স্টার্স বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় তার দেশ। দেশটির জাতীয় উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে চীনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
এ সময় চীনের রাষ্ট্রদূত চাও সিং বলেন, কুক আইল্যান্ডসের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৯ বছর পরও দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে চলেছে এবং ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন উন্নয়নের ভিত্তিতে গড়ে ওঠা সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে কুক আইল্যান্ডসের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।
এর মাধ্যমে দুই দেশের পাশাপাশি বৃহত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।
নাহার/ ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া