নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও অন্যান্য দেশের তরুণ ও মধ্যবয়সী সামরিক কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে আরও উন্নত ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চীন। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এ কথা জানান।
চীনা সেনাবাহিনীর সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে ছেন সি এ বক্তব্য দেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে পঞ্চম চীন-আসিয়ান জুনিয়র ও মধ্যপর্যায়ের সামরিক কর্মকর্তা বন্ধুত্বপূর্ণ বিনিময় কর্মসূচি এবং আফ্রিকার তরুণ ও মধ্যবয়সী সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের চীন সফর।
ছেন সি বলেন, গত কয়েক বছর ধরে চীনের সেনাবাহিনী নিয়মিতভাবে আসিয়ানভুক্ত দেশ, আফ্রিকা এবং অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর তরুণ ও মধ্যপর্যায়ের কর্মকর্তাদের চীনে আমন্ত্রণ জানিয়ে আসছে। এসব সফরে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান, তৃণমূল পর্যায়ের সামরিক ইউনিট এবং বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।
তিনি বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন করে জোরদার হয়েছে এবং পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি পেয়েছে। অনেক বিদেশি সামরিক কর্মকর্তা চীনের সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণ ও মধ্যপর্যায়ের চীনা কর্মকর্তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছেন। তাদের কেউ কেউ ঘনিষ্ঠ বন্ধুত্বেও আবদ্ধ হয়েছেন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিভিন্ন দেশের মধ্যে এবং সামরিক বাহিনীগুলোর পারস্পরিক ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ শক্তি।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া