নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে শুরু হয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ব্যবসায়িক পরামর্শক পরিষদের (এবিএসি) চতুর্থ বৈঠক।
শনিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ বৈঠকে এপেকভুক্ত ২১টি অর্থনীতির ৬০ জনের বেশি প্রতিনিধি এবং প্রায় ২০০ জন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নিচ্ছেন। চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার বিষয়ক পরিষদ (সিসিপিআইটি) এ তথ্য জানিয়েছে।
বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ, টেকসই উন্নয়ন, যোগাযোগ ও সংযোগ এবং ডিজিটাল উদ্ভাবন—এই চার বিষয়ে পৃথক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে চলতি বছরে সংশ্লিষ্ট কর্মগোষ্ঠীগুলোর অর্জন পর্যালোচনা এবং আগামী বছরের সহযোগিতার অগ্রাধিকার নির্ধারণ করা হবে। সংযোগবিষয়ক কর্ম অধিবেশনে সভাপতিত্ব করবেন এবিএসিতে চীনের প্রতিনিধি।
১৯৯৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত এবিএসি হলো এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলনে আনুষ্ঠানিক পরামর্শ দেওয়ার ক্ষমতাসম্পন্ন একমাত্র বেসরকারি সংস্থা। সংস্থাটি এপেক নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে অংশ নেয় এবং প্রতিবছর নীতিগত সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেয়।
এদিকে শনিবার মিডিয়া সেন্টারে ২০২৬ সালের প্রথম এপেক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে কুয়াংতোং প্রাদেশিক সরকার ও শেনচেন পৌর সরকারের কর্মকর্তারা সাংবাদিকদের সামনে এপেক সম্মেলন আয়োজনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সহায়তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
এবিএসির বৈঠক শেষে আগামী ১৭ ও ১৮ নভেম্বর শেনচেনে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এপেক সিইও সামিট। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ব্যবসায়ী ও সরকারি নেতারা অংশ নেবেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি