নভেম্বর ২৬: সুইজারল্যান্ডের জেনিভায় ‘চীনে রপ্তানি সক্ষমতা উন্নয়ন প্রতিবেদন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) জেনিভার প্যালেস দেস নেশনসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদসহ প্রায় ১৫০জন অংশ নেন।
সেমিনারে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি ও বাণিজ্য উপমন্ত্রী লি ছেং কাং, জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) ভারপ্রাপ্ত মহাসচিব পেদ্রো ম্যানুয়েল মোরেনো এবং জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স লি ছি চিয়াং অংশ নেন।
বক্তব্যে লি ছেংকাং বলেন, ‘চীনে রপ্তানি সক্ষমতা উন্নয়ন প্রতিবেদন’ বিশ্বের বিভিন্ন দেশকে চীনের বিশাল বাজারের সুযোগ কাজে লাগানোর বিষয়ে পরামর্শ দিয়েছে। চীন সব সময় প্রকৃত বহুপক্ষবাদ অনুসরণ করবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে গড়ে ওঠা বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাকে দৃঢ়ভাবে সমর্থন করবে।
তিনি আরও বলেন, চীন বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থার উন্নয়ন ও পরিপূর্ণতা অর্জন, পারস্পরিক কল্যাণকর ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে কাজ করবে। এর মাধ্যমে চীনের বিশাল বাজারের সুফল বিশ্ব অর্থনীতিতে আরও ভালোভাবে পৌঁছে দিতে চায় দেশটি।
আঙ্কটাডের ভারপ্রাপ্ত মহাসচিব পেদ্রো ম্যানুয়েল মোরেনো বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো বাণিজ্য। চীন বিশ্বের অন্যতম প্রধান আমদানি বাজার। ‘চীনে রপ্তানি সক্ষমতা উন্নয়ন প্রতিবেদন’ বিভিন্ন দেশকে তাদের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বাস্তবসম্মত দিকনির্দেশনা দিয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য ও টেকসই উন্নয়ন যৌথভাবে এগিয়ে নিতে আঙ্কটাড চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করবে।
সেমিনারে চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড ইকোনমিকস অ্যান্ড পলিটিকস এবং আঙ্কটাডের প্রতিনিধিরা নিজ নিজ পক্ষ থেকে ‘চীনে রপ্তানি সক্ষমতা উন্নয়ন প্রতিবেদন’-এর প্রধান বিষয়বস্তু তুলে ধরেন।
এ ছাড়া জেনিভায় তানজানিয়া ও পাকিস্তানের স্থায়ী মিশনের রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন।
সিএমজি