চীনের শাংহাই হুয়াংপু লুয়ান সেন্ট্রাল প্রাইমারি স্কুলে একটা নতুন ক্লাস চালু হয়েছে—‘আবেগের ক্লাস’। কী পড়ায় ওই বিষয়ে? পাঠ্যসূচির অধ্যায়গুলো ঘেঁটে দেখা গেল তাতে আছে কীভাবে রাগ সামলাতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়, সহমর্মী হতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়। অর্থাৎ, ভালো মানুষ হওয়ার জন্য আগে যে নীতিশিক্ষার দায়িত্ব নিতো পরিবারের লোকজন, সেটা এখন ঢুকে পড়েছে স্কুলের পাঠ্যসূচিতে। এমনকি এর ওপর পরীক্ষাও হয়। তবে বেশি নম্বরের চেয়েও বড় কথা হলো, আবেগ বুঝতে পারা কিংবা অন্যের আস্থা অর্জন করে কাছের মানুষ হতে পারার মধ্যেও লুকিয়ে থাকে সাফল্যের চাবি। আর এই একটি কাজ কখনই মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা ওরফে এআই।
অন্যদিকে, বেইজিংয়ের কিছু কিছু স্কুলে নিয়মিত ক্লাসগুলোর মধ্যেই শিক্ষকরা এখন শিক্ষার্থীদের নিয়ে বাড়তি আয়োজন করেন। সেখানে শিশুদের বলা হয় চিন্তা করতে। কেউ কেউ ওটার নাম দিয়েছেন ‘চিন্তার ক্লাস’। সেই শিক্ষার্থীরা এখন জানে, যন্ত্র যত কাজই করুক, চিন্তা করার কাজটা মানুষকেই করতে হবে।
ওই ক্লাসে শিশুদের নানা সমস্যা নিয়ে চিন্তা করতে বলা হয়। নতুন নতুন সমস্যা বের করতে বলা হয়। চিন্তা করে সমস্যা বের করাটাই একটা বড় কাজ। আর নতুন সমস্যা মানেই সেটার সমাধানে আসবে নতুন পণ্য, নতুন আইডিয়া মানেই এসে পড়তে পারে একটা নতুন অ্যাপ। গণিতবিদ থেকে শুরু করে অ্যাপ ডেভেলপাররা কিন্তু ঠিকই বুঝে গেছেন যে, চিন্তা করে সমস্যা বের করার গুরুত্ব কতখানি।
এআই এখন রচনা লিখে দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, কারখানা সামলাচ্ছে, অনুবাদ করে দিচ্ছে, ছবি আঁকছে, জমিতে সার দিচ্ছে, লক্ষণ বুঝে রোগও ধরে দিচ্ছে; তাহলে মানুষ করবে কী? চাকরির জন্য প্রস্তুতি নেবে কীভাবে? চাকরি নামের বস্তুটা আদৌ থাকবে?
এ চিন্তা কেবল অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর নয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনও এ নিয়ে চিন্তা আছে। ফুতান ইন্টারন্যাশনাল স্কুল অব ফাইন্যান্সের একটা জরিপে দেখা গেছে, চীনের মধ্য ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণির ৫ জন অভিভাবকের একজন দুশ্চিন্তায় আছে—এআই তাদের সন্তানদের ভবিষ্যৎ চাকরির বাজারে হানা দেবে।
এখন উপায়? চীনের শিক্ষাবিদরা বলছেন, মেশিনের কাজ মেশিন করতেই থাকবে। আর এই ফাঁকে যেটা ‘মানুষের কাজ’, সেটার চর্চাও চলুক। অন্তত শিশুরা আগে বুঝতে শিখুক, ঠিক কোথায় কোথায় মানুষের বিকল্প নেই।
আবেগের ক্লাসের যৌক্তিকতা এখানেই। প্রকৃতি-ফুল-পাখি দেখে দেখে শিশুরা নিজে থেকেই সৃজনশীল, উদারমনা, পরোপকারী আর মিষ্টভাষী হয়ে যাবে, এ ঝুঁকি এখন আর নেওয়া যাচ্ছে না। তাই একদিকে যত প্রযুক্তির আমদানি ঘটবে, অন্য দিকে মানুষ বানানোর কারিকুলামটাও তত আপডেট হতে থাকবে।
এরকম আরেকটি আপডেটের চিত্র দেখা যাবে হিবা একাডেমি শাংহাইতে। এখানে গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মাঝে মানবীয় গুণ বিকাশের কার্যক্রম চলছে। প্রাথমিক পর্যায়ে অংক, বিজ্ঞানের ফাঁকে শেখানো হচ্ছে অন্যের কথা মন দিয়ে শোনা, শ্রদ্ধা প্রদর্শন ও নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করার আদব-কেতা। মাধ্যমিক পর্যায়ে চলছে নানা বিষয় নিয়ে জটিল ঘরানার বিতর্ক প্রতিযোগিতা ও সেই সঙ্গে বাচনভঙ্গির ক্লাস। যোগাযোগের সূত্রমতে, একজনের কথায় যদি আরেকজন নিরাপদ ও স্বস্তি বোধ করে, তবে তার সঙ্গে ব্যবসায়িক চুক্তির সম্ভাবনাও বাড়বে।
ওই স্কুলে আগে ক্যামেরা লাগানো থাকতো শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরে। এখন তাতে দেখা হয়, সহপাঠীদের প্রতি শিক্ষার্থীদের আচার-আচরণ। আর সেই অনুযায়ী শিক্ষকরা তাদের দিচ্ছেন আচরণ ও সহমর্মীতার পাঠ।
বড় প্রতিষ্ঠানগুলোয় আবেগজনিত এসব বিষয়ের একটা পোশাক নাম আছে। যাকে বলে সফট স্কিল। চাকরিদাতারা এই যোগ্যতা অনেক আগ থেকেই খুঁজে আসছেন প্রার্থীদের মাঝে। নামে সফট হলেও এ বিষয়টাকে নরম-সরম হিসেবে দেখার জো নেই। বরং এখন এটাই হয়ে উঠতে এআই যুগের আসল মানবীয় দক্ষতা। কে কত ভালো মানুষ চিনতে পারে, কার ভেতর সহমর্মিতা আছে, কে গ্রাহকের সমস্যাটা উপলব্ধি করতে পারছে, মঞ্চের ওপর কে হাত-পা নেড়ে গলার কারুকাজে দর্শক-শ্রোতের মনযোগ কেড়ে নিচ্ছে, কে মিষ্টি করে কথা বলে পলকে মন ভোলাতে পারে; এসব তো আর এআই’র কম্মো নয়। এআই কয়েক সেকেন্ডে হাজার পৃষ্ঠার আইনি নথি পড়ে ফেলতে পারে। কিন্তু ন্যায়বিচারের অনুভূতি তার নেই। চিকিৎসার রিপোর্ট বিশ্লেষণ করে রোগ শনাক্ত করতে পারে। কিন্তু অসুস্থ মানুষের হাত ধরে তাকে সাহস দিতে পারে না।
প্রশ্ন হলো চীনের শিশু-কিশোররা কি তবে কোডিং, বিজ্ঞান, গণিত, ভাষা; এসব শেখা বন্ধ করে দিয়েছে? মোটেও না। এআই এসেছে বলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সেই সুখবর কোথাও কেউ দিচ্ছে না। তবে এসব শিক্ষার সুফল পেতে দরকার হবে নতুন রেসিপির।
সেটা কেমন? চীনের দর্পণে তাকিয়ে আমরা আপাতত ধারণা নিতে পারি যে, গণিত, বিজ্ঞান, প্রকৌশল বিদ্যা আর প্রযুক্তির সঙ্গে এখন থেকেই জুড়ে দিতে হবে কৌতূহল, সৃজনশীলতা, যুক্তি দিয়ে চিন্তা করা ও নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া সংক্রান্ত পড়াশোনা। যে কিনা বিজ্ঞানের শিক্ষক হতে চাইবে, তাকে মূল পড়াটা শেখার পাশাপাশি এটাও জানতে হবে যে, কোন বাচনভঙ্গি বা ক্লাসরুমে কোন কাজগুলো করলে শিক্ষার্থীরা বিজ্ঞান পড়াটাকে স্রেফ পড়া হিসেবে দেখবে না। বরং তাদের কাছে বিজ্ঞান জানার ব্যাপারটা হয়ে যাবে মানবজীবনের একটি মজার অংশ।
একইভাবে বিবিএ’র পড়াশোনার সঙ্গে যদি ছোটবেলায় শিখে আসা সহমর্মীতার চর্চাটাও অব্যাহত থাকে, তখন সে নিজে থেকেই আবিষ্কার করতে পারবে কোম্পানি ম্যানেজমেন্টের নতুন কোনো তত্ত্ব। তখন আর লাগবে না নতুন কোনো সফটওয়্যার, আবেগ আর সম্পর্কের নতুন সমীকরণে কর্মীরা তখন নিজে থেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবে। যত অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার এইচআর সফটওয়্যারই আসুক না কেন, ওটা কখনই একজন সহমর্মী, হাসিখুশি ও মজার এইচআর ম্যানেজারের অভাব পূরণ করতে পারবে না। বিজ্ঞানের সঙ্গে সুন্দর বাচনভঙ্গি যুক্ত হলে একজন ভালো বিজ্ঞানবক্তা পাবে সমাজ। গণিতের সঙ্গে সৃজনশীলতা যুক্ত হয়ে তৈরি হতে পারে গাণিতিক থ্রিলার গল্প। এমনকি ভবিষ্যতের রোবটকে আরও বেশি ‘মানবিক’ বানানোর ট্রেনিং দিতেও দরকার হবে মানবিক গুণের ওপর ডিগ্রিধারী মানুষের।
প্রশ্নটা শুধু চীনের নয়, বাংলাদেশের মতো গ্লোবাল সাউথের দেশগুলোরও। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর অভিভাবকদেরও এখন নিজেদের সন্তানের স্কুলের সিলেবাসে নতুন করে তাকানো সময় হয়েছে। কারণ, এখন আমরা যেটাকে চাকরির বাজার বলে আসছি, সেই বাজারে প্রতিযোগী হবে না পাশের বেঞ্চের শিক্ষার্থী। হবে এমন এক যন্ত্র, যে কিনা ঘুমায় না, বেতন-প্রমোশন নেয় না, এমনকি ছুটিও নেয় না। সুতরাং, এআই এর বাড়-বাড়ন্তে চাকরির বাজারে হাবুডুবু খাওয়ার আগেই চীনের দেখানো পথে নতুন করে মানুষ বানানোর মিশনে নামতে হবে শিক্ষাব্যবস্থাকে।
গ্রন্থনা ও কণ্ঠ : ফয়সল আবদুল্লাহ
সম্পাদনা: এনাম হক
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী