চীনের মহান বিপ্লবী নেতা সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে এক বর্ণাঢ্য স্মরণসভার আয়োজন করা হয়। এতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
ভাষণে সি চিন পিং বলেন, সুন ইয়াত-সেন ছিলেন একজন মহান জাতীয় বীর, মহান দেশপ্রেমিক এবং চীনের গণতান্ত্রিক বিপ্লবের মহান অগ্রদূত। চীনকে নতুনভাবে গড়ে তোলার সংগ্রামে তিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছেন। চীনের জনগণ ও জাতির জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন। দেশে ও বিদেশে বসবাসরত সব চীনা জনগণের কাছেই তিনি গভীর শ্রদ্ধার পাত্র।
সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সদস্যরা সুন ইয়াত-সেনের বিপ্লবী কর্মকাণ্ডের সবচেয়ে দৃঢ় সমর্থক, সবচেয়ে বিশ্বস্ত সহযোগী এবং সবচেয়ে নিবেদিত উত্তরসূরি। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে সিপিসির নেতৃত্বে চীনের জনগণ নয়া গণতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব ও নির্মাণ, সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকায়ন, নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের পথে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এর মধ্য দিয়ে চীনা জাতির কয়েক হাজার বছরের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছে। এসব অর্জন সুন ইয়াত-সেনের আত্মার প্রতি সর্বোত্তম শ্রদ্ধা নিবেদন।
সি চিন পিং আরও বলেন, গত এক শতাব্দীরও বেশি সময় ধরে সুন ইয়াত-সেনের ‘চীনকে পুনরুজ্জীবিত করো’ স্লোগান প্রজন্মের পর প্রজন্ম ধরে চীনের মানুষকে অনুপ্রাণিত করেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই স্লোগান নতুন অর্থ ও তাৎপর্য লাভ করেছে। আজ সুন ইয়াত-সেনকে স্মরণ করার সর্বোত্তম উপায় হলো তাঁর মূল্যবান চেতনাকে অধ্যয়ন করা, উত্তরাধিকার হিসেবে গ্রহণ করা এবং তা এগিয়ে নেওয়া; পাশাপাশি চীনকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় পুনর্জাগরণের মহান লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে এগিয়ে যাওয়া।
সি চিন পিং বলেন, সুন ইয়াত-সেন সারা জীবন জনগণের কল্যাণের কথা ভেবেছেন। তাঁর মূল্যবান চেতনাকে ধারণ ও এগিয়ে নিতে হলে জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সম্পূর্ণভাবে জনগণের সেবা করতে হবে। নতুন যাত্রায় মনে রাখতে হবে, জনগণই রাষ্ট্রের ভিত্তি, জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি। জনগণের অবস্থানকে দৃঢ়ভাবে ধারণ, তাদের আকাঙ্ক্ষা উপলব্ধি, সৃজনশীলতাকে সম্মান এবং সম্মিলিত প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়াজুড়ে জনগণের গণতন্ত্রের বিকাশ, জনগণের জীবনযাত্রার মান ও কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের সার্বিক বিকাশ ও সবার অভিন্ন সমৃদ্ধি অর্জনে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, সুন ইয়াত-সেনের দৃষ্টিভঙ্গি ছিল বিশ্বমুখী। তাঁর এই চেতনাকে এগিয়ে নিতে হলে সমগ্র মানবজাতির অভিন্ন মূল্যবোধকে জোরালোভাবে তুলে ধরতে হবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার উদ্যোগকে সক্রিয়ভাবে এগিয়ে নিতে হবে। নতুন যাত্রায় মানবজাতির ভবিষ্যৎ ও ভাগ্যের দিকে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাতে হবে। মানব উন্নয়নের বৃহত্তর ধারা, বিশ্বের পরিবর্তনশীল পরিস্থিতি এবং চীনের উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে হবে। পাশাপাশি চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গঠনে চীনের অবদান রাখতে হবে।
সি চিন পিং উল্লেখ করেন, সুন ইয়াত-সেন সারা জীবন দেশের ঐক্য ও জাতীয় সংহতি রক্ষায় অবিচল ছিলেন। দেশ ও জাতিকে বিভক্ত করার সব ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের তিনি দৃঢ় বিরোধিতা করতেন। মাতৃভূমির পুনরেকত্রীকরণের বিষয়ে তাঁর গভীর আকাঙ্ক্ষা ও দৃঢ় সংকল্প আজও দেশে ও বিদেশে বসবাসরত সব চীনা জনগণকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, তাইওয়ান সমস্যা সমাধান এবং মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অর্জন চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের অবিচল ঐতিহাসিক দায়িত্ব, দেশে ও বিদেশে বসবাসরত সব চীনা জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা এবং চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়নের অপরিহার্য শর্ত।
সি চিন পিং বলেন, দীর্ঘদিন ধরে চীন ‘দুই প্রান্তের মানুষ একই পরিবারের সদস্য’—এই ধারণা অনুসরণ করে আসছে এবং দুই পাশের মানুষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়িয়ে তাদের কল্যাণে কাজ করছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও চীন ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ, এক দেশ দুই ব্যবস্থা’ নীতি অনুসরণ করবে। এক-চীন নীতি এবং ‘১৯৯২ সালের ঐকমত্যের’ ভিত্তিতে তাইওয়ানের বিভিন্ন মহলের দূরদর্শী ব্যক্তিদের সঙ্গে দুই প্রান্তের সম্পর্ক এবং জাতীয় পুনরেকত্রীকরণ নিয়ে সংলাপ ও আলোচনা করতে চীন প্রস্তুত। এ ক্ষেত্রে তাইওয়ানের বাস্তব পরিস্থিতি এবং সেখানকার জনগণের স্বার্থ ও অনুভূতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হবে। তবে ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রতিষ্ঠার যেকোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কোনো সুযোগ রাখা হবে না।
সি চিন পিং বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ জাতীয় পুনরেকত্রীকরণের সঙ্গে যুক্ত এবং তাইওয়ানের জনগণের স্বার্থ ও কল্যাণ চীনা জাতির মহান পুনর্জাগরণের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। তাইওয়ান প্রণালির দুই পাশের মানুষ এবং দেশে-বিদেশে বসবাসরত সব চীনা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ‘তাইওয়ানের স্বাধীনতাপন্থী’ বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করতে হবে। দুই প্রান্তের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এবং মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে। ইতিহাসের গতিধারা কেউ থামাতে পারবে না। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হবে এবং তা বাস্তবায়ন করা সম্ভব।
সিএমজি