এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের ইয়ুসি শহরের তাহেইশান পর্বতের খাড়া অংশে আটকে পড়া দুই পর্বতারোহীকে ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের মাধ্যমে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
গত ১১ এপ্রিল ঘটনাটি ঘটে। পাহাড়ে ওঠার সময় এক পুরুষ আরোহী পাথরের সঙ্গে মাথায় আঘাত পেয়ে আধা-অচেতন হয়ে পড়েন। এতে দুজনই পাহাড়ের মাঝামাঝি বিপজ্জনক অবস্থায় আটকে পড়েন।
পাশের পর্যটকেরা বিষয়টি দেখতে পেয়ে জরুরি সেবা সংস্থাকে খবর দিলে উদ্ধারকারী দল দ্রুত বিশেষ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
পরিস্থিতি বিবেচনায় উদ্ধারকর্মীরা প্রথমে অক্ষত থাকা নারী আরোহীকে নিরাপদ স্থানে নিয়ে যান। এরপর উদ্ধারব্যবস্থা স্থাপন করে আহত আরোহীকে স্ট্রেচারে বেঁধে সতর্কতার সঙ্গে নিচে নামানো হয়।
পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, আহত আরোহীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
ফয়সল/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি