এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতার আঁচ পড়েছে দুনিয়াজুড়ে। তবে এ সংকটের মধ্যেও কেন্দ্রবিন্দুতে চীনের অর্থনীতি। ২০২৬ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৪ দশমিক ৪ শতাংশে। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।
আইএমএফ ও বিশ্বব্যাংক এবারের বসন্তকালীন বৈঠকে এ পূর্বাভাস প্রকাশ করেছে। আইএমএফের সবশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এসেছে, ২০২৫ সালে শক্তিশালী প্রবৃদ্ধির ধারাবাহিকতা, চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্ক হ্রাস এবং সরকারের প্রণোদনা কর্মসূচির কারণে চলতি বছর প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা বেড়েছে। যদিও মধ্যপ্রাচ্যের সংঘাতে তৈরি হওয়া ধাক্কা আংশিকভাবে এ প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে বলে উঠে এসেছে এ প্রতিবেদন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে চীনের মোট দেশজ উৎপাদন ৫ শতাংশ বেড়েছে, যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করেছে।
আইএমএফের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জানান, চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং তেল-গ্যাসসহ নানা পণ্যের দাম আরও বাড়িয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে। এটি চীনের সম্ভাব্য প্রবৃদ্ধির তুলনায় কম। একই সময়ে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে পৌঁছাতে পারে ৪ দশমিক ৪ শতাংশে।
লুৎফর/হাশিম
তথ্য ও ছবি: সিজিটিএন