২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জুন থেকে। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
২৯ মার্চ ২০২৬ রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। সেজন্য পরীক্ষা শুরুর একটা তারিখ ঠিক করতে গতকাল সভা হয়েছে। সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’
তিনি জানান, গতকাল সংসদ অধিবেশন থাকায় শিক্ষামন্ত্রী সভায় ছিলেন না। তিনি অনুমোদন দিলে ৭ জুন ২০২৬ তারিখ থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।