Thursday, November 12, 2026
Live
ভর্তি তথ্য
Verified
৪ মিনিটে পড়া যাবে

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৬ প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি
বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করতে হবে।

গত ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নীতিমালা কার্যকর হবে।

নীতিমালায় শিক্ষার্থীদের বয়স, ভর্তি পরীক্ষার পদ্ধতি, নম্বর বণ্টন, শ্রেণিপ্রতি শিক্ষার্থীর সংখ্যা, ভর্তি ফি এবং ঢাকা মহানগরীর স্কুলে ক্যাচমেন্ট এরিয়াভিত্তিক আসন সংরক্ষণসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি

নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে।

সে অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।

বয়স প্রমাণের জন্য ভর্তি আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

প্রতি শ্রেণির শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী

নীতিমালা অনুযায়ী, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে সাধারণভাবে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।

ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টন

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষা হবে মোট ৫০ নম্বরের। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।

অন্যদিকে চতুর্থ থেকে নবম শ্রেণিতে ভর্তির পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা

বিষয় নম্বর
বাংলা ১৫
ইংরেজি ১৫
গণিত ২০
মোট ৫০
পরীক্ষার সময় ১ ঘণ্টা

চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা

বিষয় নম্বর
বাংলা ৩০
ইংরেজি ৩০
গণিত ৪০
মোট ১০০
পরীক্ষার সময় ২ ঘণ্টা

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ

ভর্তি কার্যক্রম শুরুর আগে ভর্তি কমিটি যুক্তিসংগত সময়ের মধ্যে পরিচালনা কমিটির সভা আহ্বান করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে।

একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন দিনে ভর্তি পরীক্ষা আয়োজনের সুবিধার্থে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনে এক বা একাধিক উপকমিটিও গঠন করা যাবে।

এলাকাভেদে ভর্তি ফি নির্ধারণ

নতুন নীতিমালায় এলাকাভেদে সেশন চার্জসহ ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে।

মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১ হাজার টাকা এবং জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। ঢাকা মহানগরী ছাড়া অন্যান্য মহানগর এলাকায় এ ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে।

অন্যদিকে ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। তবে উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

ঢাকা মহানগরীর স্কুলে ৪০ শতাংশ আসন সংরক্ষণ

ঢাকা মহানগরীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে স্কুলসংলগ্ন ক্যাচমেন্ট এরিয়া বা স্কুল সেবা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ৬০ শতাংশ আসনে সব এলাকার যোগ্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এ ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না।

একই ক্যাচমেন্ট এলাকার মধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।

ঢাকা মহানগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটির সহায়তায় নিজ নিজ স্কুলের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করবেন। এ এলাকা নির্ধারণ নিয়ে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে মতবিরোধ বা জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তা সমাধান করবেন।

নতুন এ নীতিমালার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে বয়স, ভর্তি পরীক্ষা, আসনসংখ্যা ও ফি নির্ধারণের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৬ pdf

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.